২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে বিএনপির বিক্ষোভ সোমবার

২১ অগাস্ট গ্রেনেড মামলার সম্পূরক অভিযোগপত্রে আসামির তালিকায় তারেক রহমানসহ দলীয় নেতাদের অন্তর্ভুক্তি এবং মিছিলে হামলার প্রতিবাদে সোমবার ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশের কমসূচি ঘোষণা করেছে বিএনপি। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2011, 02:47 PM

Updated : 24 Aug 2022, 03:28 PM

ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ অগাস্ট গ্রেনেড মামলার সম্পূরক অভিযোগপত্রে আসামির তালিকায় তারেক রহমানসহ দলীয় নেতাদের অন্তর্ভুক্তি এবং মিছিলে হামলার প্রতিবাদে সোমবার ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশের কমসূচি ঘোষণা করেছে বিএনপি। রোববার রাতে এক জরুরি প্রেস ব্রিফিঙে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন। সেইসঙ্গে রোববার বিকালে বিজয় নগরের কাছে দলের একটি মিছিলে হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করে এর তদন্ত দাবি করেন তিনি। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে রাতে এই ব্রিফিঙের আয়োজন করা হয়। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ ৩০ জনকে আসামির তালিকায় যোগ করে ২১ অগাস্ট গ্রেনেড মামলার সম্পূরক অভিযোগপত্র রোববার আদালতে দিয়েছে সিআইডি। মির্জা ফখরুল অভিযোগ করেন, "সরকারের ইঙ্গিতে তারেক রহমানকে রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। শনিবার আমরা সংবাদ ব্রিফিঙে যে আশঙ্কা করেছিলাম, তা আজ সত্য প্রমাণ হয়েছে।'' 'মিছিলে হামলা পরিকল্পিত' ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, তারেক রহমানকে 'মিথ্যা মামলায়' জড়ানোর প্রতিবাদে বিকালে বিএনপির শান্তিপূর্ণ মিছিলের পেছন দিক থেকে আওয়ামী লীগের 'সন্ত্রাসীরা' হামলা চালিয়ে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। ্এটা 'পরিকল্পিত' হামলা। এ হামলার তদন্ত দাবি করে তিনি বলেন, ''আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু সাহেবকে জিজ্ঞাসাবাদ করলেই এই হামলার হুমকিদাতার নাম জানা যাবে।'' সরকার এই হামলার সুষ্ঠু তদন্ত না করলে আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে এর বিচার করা হবে বলেও হুঁশিয়ার করে দেন মির্জা ফখরুল। সৈয়দ আশরাফুল ইসলাম ও ইনু'র বক্তব্য উদ্ধৃত করে তিনি আরো অভিযোগ করেন, সৈয়দ আশরাফুল ইসলাম ও হাসানুল হক ইনু শনিবার যেভাবে বিরোধী দলকে হুমকি দিয়ে কথা বলেছেন, তা থেকে বোঝা যায়- এই হামলা 'পরিকল্পিত'। হামলার ঘটনার বর্ণনা দিয়ে এই বিএনপি নেতা আরো বলেন, মিছিলে হামলার পরপরই 'সন্ত্রাসীরা' পুলিশের সামনে দিয়ে দ্রুত চলে যায়। উপরন্তু পুলিশ মিছিলের নেতা-কর্মীদের ওপর লাঠিচার্জ করে। এতে গণমাধ্যমের সংবাদ কর্মীসহ ২০ জন আহত হয় বলে দাবি করেন তিনি। প্রেস ব্রিফিঙে অন্যান্যের মধ্যে দলের যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, মহানগর সদস্য সচিব আবদুস সালাম ও বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০৫৭ ঘ.