ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানের পঞ্চদশ সংশোধনীসহ দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য চারদলীয় জোট নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
শনিবার রাত ৯টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এই বৈঠক শুরু হয় বলে বিএনপির দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
২০০৮ সালে ২৯ ডিসেম্বর সংসদ নির্বাচনে ভরাডুবির পর জোটের সব শরিক দলের নেতারা এই প্রথম একসঙ্গে বসলেন।
খালেদা জিয়ার সভাপতিত্বে এ বৈঠকে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান, মহানগর আমীর রফিকুল ইসলাম খান, খেলাফত মজলিসের চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ ইসহাক, মহাসচিব আহমেদ আবদুল কাদের, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান, মহাসচিব শামীম আল মামুন, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, যুগ্ম মহাসচিব মুফতি ফয়েজুল্লাহ এ সভায় অংশ নিচ্ছেন বলে বিএনপি নেতারা জানিয়েছেন।
বিএনপির পক্ষে বৈঠকে উপস্থিত রয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
দলের দপ্তর সম্পাদক রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চলমান রাজনৈতিক পরিস্থিতি ও পঞ্চদশ সংশোধনীসহ বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা।"
গত বৃহস্পতিবার জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাস হওয়ার পর এক সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বলেন, সংবিধান এখন আওয়ামী লীগের ইশতেহারে পরিণত হয়েছে। এর ফলে সংঘাত অনিবার্য হয়ে উঠেছে।
এরপর শুক্রবার বিকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক অনুষ্ঠানে বলেন, মধ্যবর্তী নির্বাচনের দাবিতে নয়, এবার সরকারপতনের জন্য আন্দোলন শুরু হবে। ৩ জুলাই (রোববার) আন্দোলনের বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও ২৮ জুন এক বিক্ষোভ সমাবেশে উল্লেখ করেছিলেন তিনি।
তত্ত্বাবধায়ক ব্যবস্থা রাখার পক্ষে অবস্থান নিয়ে এর আগে দুই দফায় ৪৮ ঘণ্টা হরতাল করে বিএনপি ও জামায়াতে ইসলামী।
রুহুল কবির রিজভী জানান, চারদলীয় জোটের বৈঠকের পরপরই সমমনা দলের নেতাদের সঙ্গেও বৈঠক করবেন খালেদা জিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/২১২৮ ঘ.
bdnews24