নাটোর, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নির্বাচনোত্তর সহিংসতায় অন্তত ১২ জন আহত হয়েছে। এসময় দু'টি বাড়িতে ভাংচুর ও লুটপাট চালানো হয় বলেও অভিযোগ ওঠে।
শুক্রবার দুপুরে গোপালপুর ইউনিয়নের গড়মাটি গ্রামে এ সংঘর্ষ হয় বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন- ইউনুস আলী (৩২), ওয়াসিম আলী মোল্লা (২৬), আবুল কাশেম বাহাদুর (৫০), হাফিজুর রহমান (৩২), মিঠু (২৮), এশারত (৪৩) ও সুফিয়া বেগমসহ (৩৪)। বাকিদের নাম জানা যায়নি।
তাদের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বনপাড়ার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
গত ২২ জুন নির্বাচনে এই ইউনিয়নে আবু বক্কর সিদ্দিক চেয়ারম্যান নির্বাচিত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে উপজেলার গড়মাটি বাজারে সিদ্দিকের সমর্থকদের সঙ্গে পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস ছালামের সমর্থকদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
বড়াইগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, চেয়ারম্যান সিদ্দিক পশ্চিম গড়মাটি ভোট কেন্দ্রে কম ভোট পাওয়ায় তার ভাই সেলিম সরকার দলবল নিয়ে পরাজিত প্রার্থীর সমর্থকদের উপর হামলা চালায়। বাধা দিলে দু'পক্ষের সংঘর্ষ শুরু হয়।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহত ইউনুস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চেয়ারম্যানের ভাই সেলিম সরকার দলবল নিয়ে তার বাড়ির প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করেছে।
তবে সেলিম সরকার হামলা করার কথা অস্বীকার করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৪০ ঘ.
bdnews24