২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনার ফরিদপুরে ১৪৪ ধারা

এক স্থানে একই সময়ে বিএনপির দুই পক্ষ বিক্ষোভ-কর্মসূচি আহ্বান করায় পাবনার ফরিদপুর উপজেলায় ১৪৪ ধারা জারি করে সব ধরনের সমাবেশ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2011, 08:16 AM

Updated : 24 Aug 2022, 03:26 PM

পাবনা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক স্থানে একই সময়ে বিএনপির দুই পক্ষ বিক্ষোভ-কর্মসূচি আহ্বান করায় পাবনার ফরিদপুর উপজেলায় ১৪৪ ধারা জারি করে সব ধরনের সমাবেশ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার সকাল ১০টায় বনোয়ারী নগরের ইয়াসিন আলী ডিগ্রি কলেজ মাঠে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সাজা বাতিল ও মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশ ডাকে ফরিদপুর পৌর বিএনপি সভাপতি ও সাবেক পৌর মেয়র আবুল মাস্টার। ওই স্থানে একই সময়ে উপজেলা চেয়ারম্যান জহুরুল ইসলাম বকুলও সমাবেশ করার ঘোষণা দেন। ফলে উত্তেজনা সৃষ্টি হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করে সভা সমাবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডি এম আতিকুর রহমান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ইয়াসিন আলী ডিগ্রি কলেজ মাঠে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ও মঙ্গলবার সকালে পৌর এলাকায় মাইকিং করা হয়েছে। এলাকাবাসী জানান, আবুল মাস্টার ও বকুলের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এই দুই পক্ষের সমর্থকরা সব সময় কেন্দ্র ঘোষিত ও স্থানীয় কর্মসূচি আলাদাভাবে পালন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪১৪ ঘ.