ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী রোববার ও সোমবার দেশব্যাপী টানা ৩৬ ঘণ্টা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।
শুক্রবার সকাল ১১টা ২০ মিনিটে রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম।
সংবিধান থেকে 'সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসই হবে যাবতীয় কার্যাবলীর ভিত্তি' বাদ দেওয়ার প্রতিবাদ এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখাসহ ১৪ দফা দাবিতে তারা এই হরতাল ডেকেছে।
সংবাদ সম্মেলনে আজহারুল ইসলাম বলেন, সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির সুপারিশকৃত ৫১ দফার প্রায় সবই জাতীয় স্বার্থ পরিপন্থী।
তিনি বলেন, ইসলামী সংহতির ভিত্তিতে মুসলিম দেশসমুহের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক সুসংহত করার ধারা বর্তমান সরকার সংবিধান থেকে বাতিল করে বাংলাদেশকে তার দীর্ঘ দিনের পুরনো মুসলিম বন্ধু রাষ্ট্রগুলো হতে বিচ্ছিন্ন করার প্রয়াস চালাচ্ছে। এর ফলে মুসলিম বিশ্ব থেকে বাংলাদেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে পড়বে।
সংবিধান সংশোধনের নামে বাংলাদেশকে একটি ধর্মহীন রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চূড়ান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, আগামি নির্বাচনে ভরাডুবি নিশ্চিত বুঝতে পেরেই সরকার 'ষড়যন্ত্র' করে 'গায়ের জোরে' তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিলুপ্ত করার চক্রান্ত করছে। দলীয় সরকারের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে না।
জামায়াত যেন সরকারের বিরুদ্ধে আন্দোলন না করতে পারে সেজন্য 'নন-ইস্যুকে' ইস্যু বানিয়ে যুদ্ধাপরাধের ভিত্তিহীন অভিযোগে জামায়াত নেতাদের গ্রেপ্তার করে রাখা হয়েছে বলে অভিযোগ করেন আজহারুল।
তিনি জানান, সংবিধান থেকে 'সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসই হবে যাবতীয় কার্যাবলীর ভিত্তি' বাদ দেওয়ার প্রতিবাদ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখা, বিদেশের সঙ্গে সকল চুক্তি সংসদে পেশ করার ধারা বাতিলসহ ১৪ দফা দাবিতে ১২ জুন সকাল ৬টা থেকে ১৩ জুন সন্ধ্যা পর্যন্ত টানা ৩৬ ঘণ্টা দেশব্যাপী হরতাল কর্মসূচি পালন করা হবে।
অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড, খাবার ও ওষুধের দোকান, হাসপাতাল এবং যেসব এলাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে সেসব এলকা হরতালের আওতামুক্ত থাকবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে জামায়াতের মহানগর আমীর রফিকুল ইসলাম খান, কার্যপরিষদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, সাংসদ হামিদুর রহমান আজাদ উপস্থিত ছিলেন।
বাজেট প্রতিক্রিয়া
বাজেটকে উচ্চাভিলাষী হিসেবে মন্তব্য করেছে জামায়াত। এই বাজেট জনগণের অর্থনৈতিক সমস্যার কোনো সমাধান করতে পারবে না বলেও দাবি করেছে তারা।
বাজেট প্রতিক্রিয়ায় আজহারুল ইসলাম বলেন, বাজেটে ব্যাপকভাবে পরোক্ষ করের আওতা বৃদ্ধি করা হয়েছে। এর ফলে সরকারের ব্যাংক নির্ভরতা বৃদ্ধি পাওয়ায় বিনিয়োগ বাধাগ্রস্থ হবে, মূল্যস্ফীতি বৃদ্ধি পাবে এবং জনগণের দূর্ভোগ আরো বাড়বে বলে দাবি করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/কেএমএস/১৩১২ ঘ.
bdnews24