ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব একে মফিজুল হক (রাজনৈতিক-৪) স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা জারি করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে। পুলিশ সদর দপ্তরের মহাপুলিশ পরিদর্শক বরাবর খালেদা জিয়ার নিরাপত্তা রক্ষায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য এ নির্দেশনা পাঠানো হয়েছে।
নির্দেশনা অনুযায়ী খালেদার বাসভবনের নিরাপত্তায় থাকবে ২৪ জন আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্য। বাসভবনের নিরাপত্তায় দুই পালায় ১২ জন করে নিয়োজিত থাকবে। এদের মধ্যে সশস্ত্র উপ-পরিদর্শক দুই জন, হেড কনস্টেবল চারজন এবং কনস্টেবল থাকবেন ১৮ জন।
চলাচলের সময় পুলিশের দু'টি জিপ গাড়ি খালেদা জিয়ার নিরাপত্তায় থাকবে। আটজন করে দুই গাড়িতে প্রতি পালায় ১৬ জন পুলিশ সদস্য নিয়োজিত করতে হবে বলে নির্দেশনায় বলা হয়।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রোটেকশন) ওয়ালিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বর্তমানে খালেদা জিয়ার বাসভবনে নিরাপত্তায় পালাক্রমে ১৪ জন পুলিশ এবং চলাচলের সময় ১৪ জন পুলিশ সদস্য নিয়োজিত আছে।
খালেদার নিরাপত্তায় একশ ২৬ জন পুলিশ দিতে গত ৬ মে দাবি জানায় বিএনপি।
ওইদিন এক সংবাদ ব্রিফিংয়ে বিরোধী দলের প্রধান হুইপ জয়নুল আবদিন এই দাবি জানান। তিনি বলেন, "গত চার দলীয় জোট সরকারের সময়ে বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার নিরাপত্তায় ১২৬ জন পুলিশ দেয়া হয়। বর্তমানে বিরোধী দলীয় নেতার নিরাপত্তার জন্য আমরা সেই সংখ্যক পুলিশ দেয়ার দাবি জানাচ্ছি।''
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/২০৩৫ ঘ.
bdnews24