ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির স্থায়ী কমিটির সঙ্গে বৈঠকের পর চারদলীয় জোটের শরীকদের সঙ্গে বৈঠক করেছেন খালেদা জিয়া।
তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে সরকারের সঙ্গে মুখোমুখি অবস্থানের মধ্যে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে ৪০ মিনিট বৈঠক করেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশানে এ বৈঠক শুরু হয়। তা চলে ৭টা ১০ মিনিট পর্যন্ত।
এ বৈঠকের পর রাত ৮টায় শরীক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেন খালেদা। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে নেওয়া সিদ্ধান্ত শরীক দলগুলোকে জানানো হয় বৈঠকে।
এ সময় জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমদ, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) মহাসচিব শামীম আল মামুন ও ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এক সংবাদ ব্রিফিংয়ে শরীকদের সঙ্গে বৈঠকের কথা জানান সাংবাদিকদের।
স্থায়ী কমিটির বৈঠকে সদস্যদের মধ্যে ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, আরএ গনি, মির্জা আব্বাস, মাহবুবুর রহমান, এমকে আনোয়ার, আসম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান।
সংবিধান সংশোধন কমিটি তত্ত্বাবধায়ক সরকার বহাল রাখার সুপারিশ করবে না- এ কথা জানানোর এক দিনের মাথায় বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকেন খালেদা।
প্রধান বিরোধী দল বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখার দাবি জানিয়ে আসছে। তারা বলছে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না হলে নির্বাচনে যাবে না তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২০৪০ ঘ.
bdnews24