২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ার নাম কেউ মুছতে পারবে না: মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার চেষ্টা করলেও জিয়াউর রহমানের নাম জনগণের হৃদয় থেকে কেউ মুছতে পারবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2011, 10:19 AM

Updated : 24 Aug 2022, 03:09 PM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার চেষ্টা করলেও জিয়াউর রহমানের নাম জনগণের হৃদয় থেকে কেউ মুছতে পারবে না। শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, "আওয়ামী লীগ সরকার জিয়াউর রহমানকে ভয় পায়। তাই তারা আদালতের মাধ্যমে রায় দিয়ে বলতে চায়, জিয়া স্বাধীনতা ঘোষণা করেননি। কিন্তু এতে লাভ হবে না। মুক্তিযুদ্ধের ঘোষক জিয়ার নাম জনগণের হৃদয় থেকে কেউ মুছে ফেলতে পারবে না।" সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা হয়। নতুন প্রজন্মের কাছে জিয়াউর রহমানের জীবনী তুলে ধরার আহবানও জানান তিনি। মুক্তিযুদ্ধের অন্যতম সমরনায়ক জিয়া রাষ্ট্রপতি থাকাকালে ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে একদল সেনা কর্মকর্তার গুলিতে নিহত হন। খালেদা জিয়ার নেতৃত্বে বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মোশাররফ। সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক দৈনিক আমার দেশ এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক একেএম মোশাররফ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপউপাচার্য অধ্যাপক আফম ইউসুফ হায়দার, কলা অনুুষদের ডিন অধ্যাপক সদরুল আমিন, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি আ ন হ আখতার হুসেন, চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব ও ড্যাব মহাসচিব এজেডএম জাহিদ হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৬২০ ঘ.