২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড্যাব নেতা জাহিদ জামিনে মুক্ত

তেজগাঁওয়ের ঘটনায় দায়ের করা আটটি মামলায় জামিনের পর মুক্তি পেয়েছেন ড্যাব নেতা এজেডএম জাহিদ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2011, 11:50 AM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেজগাঁওয়ের ঘটনায় দায়ের করা আটটি মামলায় জামিনের পর মুক্তি পেয়েছেন ড্যাব নেতা এজেডএম জাহিদ হোসেন। সোমবার ডা. জাহিদকে আদালতে হাজির করে প্রতিটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে হেফাজতে চায় পুলিশ। ঢাকার মহানগর হাকিম মো. ইসমাইল হোসেন তা নাকচ করে জামিনের আদেশ দেন। এর মধ্যে সাতটি মামলায় স্থায়ী জামিন পেয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব জাহিদ। আর একটিতে তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন দেওয়া হয়েছে। কোর্টহাজতের ভারপ্রাপ্ত ককর্মকর্তা উপ পরিদর্শক মুরাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জামিনের পর বিকেল সাড়ে ৫টার দিকে ডা. জাহিদকে মুক্তি দেওয়া হয়েছে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক মো. মাহবুবুর রহমান জানান, শনিবার তেজগাঁওয়ের নাখালপাড়ায় নির্মাণাধীন ইমপালস মেডিকেল কলেজ ও হাসপাতালের পাইলিংয়ের সময় ধসের ঘটনায় মোট ৮টি মামলা দায়ের করা হয়; যার একটি করেছে রাজউক কর্তৃপক্ষ। এর মধ্যে সাতটি মামলায় ডা. জাহিদ ছাড়াও ইমপালস হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আলী জহির আল আমিন, পরিচালক খালেদা ইয়াসমিন, প্রকল্প পরিচালক ডা. প্রফেসর শাহ আলম, মেজর (অব.) আলমগীর হোসেন, অধ্যাপক শামসুজ্জামান, প্রকৌশলী অসীম গোস্বামী, প্রকৌশলী সুরজিৎ দত্ত, প্রকৌশলী জি এম হাফিজ, প্রকৌশলী মো. আলমগীর হোসেন, প্রকৌশলী আব্দুর রবসহ মোট ৬৬ জনকে আসামি করা হয়েছে। নির্মাণাধীন হাসপাতালটির আশেপাশের ক্ষতিগ্রস্ত ভবন মালিক হারুনুর রশিদ, আব্দুল মান্নান, আবুল কালাম আজাদ (১), সাখাওয়াত হোসেন, আবুল কালাম আজাদ (২), আলমগীর শেখ ও মো. মাজহারুল ইসলাম লিটন এসব মামলা দায়ের করেন। এছাড়া হাসপাতাল ভবন নির্মাণে নীতিমালা না মানায় রাজউকের মহাখালী জোনাল অথোরাইজড কর্মকর্তা শফিকুল ইসলাম আরেকটি মামলা করেন। এতে আসামি করা হয়েছে দুজনকে। রোববার রাতে রাজধানীর মগবাজার থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. জাহিদকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তিনি ওই নির্মাণাধীন ভবনের অন্যতম মালিক। সোমবার জাহিদকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজত চায় পুলিশ। হেফাজতের আবেদনে বলা হয়, ইমপালস মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল নির্মাণ করার সময় ৫৫ ফুট গভীর গর্ত খুড়লে দুটি আধাপাকা ঘর তাতে ধসে পড়ে। এতে কয়েকজন আহত হন। আসামি ও তার সহযোগীরা রাজউকের অনুমোদন ছাড়াই প্রতারণার মাধ্যমে নির্মাণ কাজ শুরু করেছেন উল্লেখ করে পুলিশের আবেদনে বলা হয়, সুষ্ঠ তদন্তের স্বার্থে ডা. জাহিদকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। ডা. জাহিদের আইনজীবী সানাউল্লাহ মিয়া শুনানিতে বলেন, এই মামলার ঘটনার সঙ্গে তার মক্কেলের কোনো সম্পর্ক নেই। ওই হাসপাতাল নির্মাণে তার কোনো ভূমিকা নেই। তিনি হাসপাতালের মালিকপক্ষেরও কেউ নন। রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য তাকে মামলায় জড়ানো হয়েছে। শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন। রোববার জাহিদকে গ্রেপ্তারের পরপরই এর প্রতিবাদে জানিয়ে পল্টন এলাকায় মিছিল করে বিএনপি ও সহযোগী সংগঠনের কর্মীরা। বিএনপি বলছে, নাখালপাড়ায় ভবন ধসের ঘটনা 'ছল' মাত্র। সরকারবিরোধী আন্দোলনে পেশাজীবীদের সংগঠিত করায় বাংলাদেশ মেডিকেল অ্যাসেসিয়েশনের সাবেক মহাসচিব জাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কেটি/এমআই/জেকে/১৭৪৭ ঘ.