চট্টগ্রাম, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নির্বাচনী প্রতিশ্র"তির বাস্তবায়ন বাদ দিয়ে সংবিধান নিয়ে 'রাজনীতি' শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এম মোর্শেদ খান।
বৃহস্পতিবার বিকালে নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে এক সমাবেশে তিনি এ কথা বলেন।
মোর্শেদ খান বলেন, "বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও সংবিধানে হাত দেয়নি। অথচ আওয়ামী লীগ নির্বাচনী ওয়াদা বাদ দিয়ে এখন সংবিধান নিয়ে নতুন রাজনীতি শুরু করেছে।"
খালেদা জিয়ার নির্দেশ পেলে এক মুহূর্তের মধ্যে সরকারকে ক্ষমতাচ্যুত করা সম্ভব বলেও দাবি করেন বিএনপির এই নেতা।
পুঁজিবাজারে কারসাজিতে জড়িতদের বিচারের দাবিতে সারাদেশের মতো চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।
মোর্শেদ খান বলেন, "আওয়ামী লীগ ক্ষমতায় এলে শেয়ারবাজারে লুটপাট শুরু হয়। তাদের অর্থমন্ত্রী বলেন- তিনি শেয়ার বাজার বোঝেন না।"
উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলীয় চেয়ারপার্সনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার ও কেন্দ্রীয় তথ্য সম্পাদক সৈয়দ ওয়াহিদুল আলম, দক্ষিণ জেলার সভাপতি সংসদ সদস্য জাফরুল ইসলাম চৌধুরী, নগর কমিটির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, সাবেক সংসদ সদস্য রোজি কবির, গাজি মো. শাহজাহান জুয়েল ও সরওয়ার জামাল নিজাম প্রমুখ।
মীর নাছির বলেন, "আর ক্ষমতায় আসতে পারবে না বুঝতে পেরেই আওয়ামী লীগ সংবিধান নিয়ে নতুন খেলায় মেতে উঠেছে। তারা অন্য কোনো শক্তির হাতে ক্ষমতা তুলে দিতে চক্রান্ত করছে।'
গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, "আমার ভাই সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তারের তার রক্ত নিয়ে সরকার যে হোলি খেলা খেলেছে চট্টগ্রামবাসী তার উপযুক্ত জবাব দেবে।"
সমাবেশের শেষ পর্যায়ে প্রায় অর্ধশত পুলিশ সমাবেশস্থল নাসিমন ভবনের প্রধান ফটক বন্ধ করে দিলে উত্তেজনা শুরু হয়। পরে মোরশেদ খানের নেতৃত্বে নেতারা মিছিল বের করতে চাইলে পুলিশ তাদের মিছিল না করার অনুরোধ করে। তবে পুলিশি বাধা উপেক্ষা করেই বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এএল/এমআই/২০৩৪ ঘ.
bdnews24