২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অতীতের লজ্জায় বিএনপি আসেনি: মতিন

অতীতে সংবিধান ক্ষত-বিক্ষত করার লজ্জার কারণেই বিএনপি সংবিধান সংশোধন কমিটির সঙ্গে বৈঠকে বসা থেকে বিরত থেকেছে বলে মন্তব্য করেছেন সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2011, 02:18 PM

Updated : 24 Aug 2022, 02:58 PM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অতীতে সংবিধান ক্ষত-বিক্ষত করার লজ্জার কারণেই বিএনপি সংবিধান সংশোধন কমিটির সঙ্গে বৈঠকে বসা থেকে বিরত থেকেছে বলে মন্তব্য করেছেন সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু। শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত 'বিরোধী দলের ষড়যন্ত্র ও মধ্যবর্তী নির্বাচন' শীর্ষক আলোচন সভায় তিনি এ কথা বলেন। খসরু বলেন, "কমিটি গঠনের শুরুতেই বিরোধী দল থেকে একজন সদস্য দেওয়ার কথা বলা হয়। পরে তাদের দাবি অনুযায়ী দুইজন সদস্য চাওয়া হলেও তারা আসেননি। "সামরিক ফরমান দিয়ে সংবিধান ক্ষত বিক্ষত করার অতীত ইতিহাসের লজ্জায় বিএনপি সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির মুখোমুখি হতে পারেনি।" বিরোধী দলীয় নেতার বক্তব্য শোনার জন্য ২৬ এপ্রিল তারিখ রেখেছিলো সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি। সাবেক আইনমন্ত্রী বলেন, "আমন্ত্রণপত্র হাতে পাওয়ার আগেই তিনি (খালেদা) বললেন, এই চিঠি ষড়যন্ত্রমূলক। আমরা যাবো না।" খসরু বলেন, "পাঁচ-দশ বছরের জন্য নয়, আগামী ৫০ থেকে ১০০ বছর সামনে রেখে সংবিধান সংশোধন করা হচ্ছে। এ কারণে আমরা বিরোধী দলীয় নেতার বক্তব্য শুনতে চেয়েছি। বক্তব্য না দিলে তিনি নোট অব ডিসেন্ট দিতে পারতেন। এরপর সংবাদ সম্মেলন করে জনগণকে জানাতে পারতেন।" পঞ্চম সংশোধনী বাতিলের কারণে বিএনপির মনে আঘাত লেগেছে মন্তব্য করে তিনি বলেন, "কারণ ওটা তারাই করেছিলো। তাদের জন্মও হয়েছে মার্শাল ল'র অধীনে।" বিশেষ অতিথির বক্তব্যে হাসান ইমাম বলেন, "মুক্তিযুদ্ধের সময় থেকে বিএনপি-জামায়াতের পূর্বসূরিদের ষড়যন্ত্র শুরু হয়েছিলো। ষড়যন্ত্রের অংশ হিসাবে তারা একদল ছদ্মবেশী লোককে মুক্তিযুদ্ধেও পাঠিয়েছিলো।" কৃষক লীগের সহ-সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন পল্টু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি পীযূষ বন্দ্যোপাধ্যায়, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমইউএস/এএল/জেকে/২০১৬ ঘ.