২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2011, 07:25 AM

Updated : 24 Aug 2022, 02:56 PM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টার দিকে হলের ছাত্রলীগ নেতা পিনাকী রঞ্জন রণি ও প্রণব দাস বাবলুর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আহতরা হলেন- রণির সমর্থক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের নয়ন সরকার, বিশ্ব ধর্মতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র চিন্ময় ও চতুর্থ বর্ষের সৌরভ এবং বাবলুর সমর্থক হিসাব বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের দুর্জয় ও বাপ্পী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সৌরভ বলেন,"হল কর্তৃপক্ষের কাছ থেকে ক্রিকেট খেলার অনুমতি নিয়ে সকাল ৭টার দিকে হলের মাঠে স্ট্যাম্প রেখে আসি আমরা। পরে মাঠ ফাঁকা পেয়ে সকাল ৯টায় বাবুলের পক্ষের সমর্থকরা খেলা শুরু করে।" "এ সময় আমরা এসে খেলার কথা জানালে বাবলুর সমর্থকরা স্ট্যাম্প নিয়ে আমাদের ওপর হামলা চালায়", বলেন সৌরভ। এ অভিযোগ অস্বীকার করে বাপ্পী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাঠে কেউ না থাকায় তারা খেলা শুরু করলে রণির পক্ষের সমর্থকরা এসে তাদের ওপর হামলা চালায়। আহতদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বাকি দুজনকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ এম সাইফুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হল কর্তৃপক্ষের পক্ষ থেকে সংঘর্ষের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তদন্তের পর প্রয়োজনে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করা হতে পারে।" বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/আরএ/১৩২০ ঘ.