২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলের নির্বাহী কমিটির সঙ্গে খালেদার বৈঠক শনিবার

সাংগঠনিক কার্যক্রম ও আন্দোলন বিষয়ে আলোচনা করতে দলের কার্যনির্বাহী কমিটির সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বৈঠকে বসছেন শনিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2011, 06:14 PM

Updated : 24 Aug 2022, 02:55 PM

ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংগঠনিক কার্যক্রম ও আন্দোলন বিষয়ে আলোচনা করতে দলের কার্যনির্বাহী কমিটির সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বৈঠকে বসছেন শনিবার। সকাল ১০টায় দিনব্যাপী এ বৈঠক বসবে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে। দলের দপ্তর সম্পাদক রহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। তিনি বলেন, ''কার্যনির্বাহী কমিটির সভা শুরু হবে সকাল ১০টায়। এতে সাংগঠনিক কার্যক্রমসহ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।'' এতে দলের চেয়ারপারসন খালেদা জিয়া সভাপতিত্ব করবেন এবং উদ্বোধনী বক্তব্য রাখবেন। রুদ্ধদ্বার এ বৈঠকের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান দপ্তর সম্পাদক। ২০০৯ সালের ৮ ডিসেম্বর বিএনপির পঞ্চম কাউন্সিল অধিবেশনের পর ৩৮৬ সদস্যের জাতীয় নির্বাহী কমিটি গঠিত হয়। ২০১০ সালের ৩১ জুলাই নতুন নির্বাহী কমিটির প্রথম সভা হয়। এটি হচ্ছে দ্বিতীয় সভা। নির্বাহী কমিটির এই সভায় ৩৮৬ জন সদস্য ছাড়াও দলের স্থায়ী কমিটি, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল ও ৭৪ জেলা কমিটির সভাপতিরা উপস্থিত থাকবেন বলে জানান রিজভী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২৩৫৫ ঘ.