ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর ছেলে আবুল হাসানাতকে শুক্রবার ভোরে রাজধানীর বকশি বাজার এলাকায় পাওয়া গেছে বলে জানিয়েছে তার পরিবার।
হাসানাতের ভগ্নিপতি যোবায়ের আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোর ৪টার দিকে বকশিবাজারের নবকুমার ইনস্টিটিউটের সামনের রাস্তায় চোখ বাঁধা অবস্থায় তাকে (হাসানাত) পাওয়া গেছে।"
আমিনী অভিযোগ করে আসছিলেন, গত ১০ এপ্রিল সাদা পোশাকের পুলিশ তার ছেলেকে একটি গাড়িতে করে তুলে নিয়ে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার ছেলেকে 'গুম' করা হয়েছে বলেও দাবি করে আসছিলেন ইসলামী ঐক্যজোটের এই নেতা।
তবে পুলিশ বলে আসছিলো, ওই নামে কাউকে গ্রেপ্তার বা আটকের খবর তাদের কাছে নেই।
যোবায়ের আহমেদ বলেন, "যে রকম গাড়িতে করে হাসানাতকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, তেমনই একটি গাড়িতে করে আবার তাকে রেখে যাওয়া হয়েছে।"
হাসানাতকে কারা বাড়ি পৌঁছে দিলো জানতে চাইলে যোবায়ের বলেন, "এ বিষয়ে পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।"
ভগ্নিপতি জানান, আটকে রাখার সময় হাসানাতকে নিয়মিত খাবার দেওয়া হতো না, বরং নানাভাবে হুমকি দেওয়া হতো। তবে তার শরীরের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
এদিকে চকবাজার থানার ওসি মোহাম্মদ আলী বলছেন, হাসানাতকে পাওয়ার বিষয়ে তাদের কিছু জানানো হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "উনাদের পক্ষ থেকে আমাদের এ ব্যাপারে কিছু জানানো হয়নি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১০০২ ঘ.
bdnews24