ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা ও দাফনে অংশ নেওয়ার পর কারাগারে ফিরে গেছেন বিএনপির সাবেক সাংসদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টু।
রাত ৯টার দিকে তাকে নিয়ে গাজীপুরের কাশিমপুর কারাগারের উদ্দেশ্যে রওয়ানা হয় পুলিশ।
বুধবার জিনজিরার কেরানীগঞ্জের বাসায় পিন্টুর বাবা মোহাম্মদ নিজামউদ্দিন আহমেদ (৮২) মারা যান।
বৃহস্পতিবার ২টা ২৫ মিনিটে মুক্তি পেয়ে বাবার জানাজা ও দাফনে অংশ নেন পিন্টু। এরপর বিকাল সোয়া ৪টার দিকে লালবাগের হাজারীবাগের বাসায় পৌঁছান তিনি।
পিন্টু বাসায় পৌঁছানোর পরপরই সেখানে আবেগময় পরিবেশের সৃষ্টি হয়। প্রথমেই বাবার লাশের পাশে গিয়ে বেশ কিছুক্ষণ বসে থাকেন পিন্টু। এ সময় স্বজনদের অনেকেই তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন।
আছরের নামাজ শেষে লেদার টেকনলজি কলেজ মাঠে নিজামউদ্দিন আহমেদের জানাজা অনুষ্ঠিত হয়। ঢাকা সিটি কর্পোরেশন মেয়র সাদেক হোসেন খোকা, বিএনপি নেতা মীর্জা আব্বাস, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সংসদ সদস্য ফজলে নূর তাপস, সহিদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা এতে অংশ নেন।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আজিমপুর গোরস্থানে দাফন শেষে বাসায় ফেরেন পিন্টু। সেখান থেকেই তাকে নিয়ে পুলিশ কাশিমপুর কারাগারের উদ্দেশ্যে রওয়ানা দেয়।
বাবা মৃত্যুর দিনই পিন্টু প্যারোলে মুক্তির আবেদন করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার দুপুরে তা মঞ্জুর করে।
পিলখানা বিদ্রোহের সময় হত্যার ঘটনায় দায়ের করা মামলাসহ তিনটি মামলার আসামি পিন্টু ২০০৯ সালের ১১ জুন থেকে কাশিমপুর কারাগারে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কেটি/প্রতিনিধি/এফএফ/এমআই/আরএ/এএল/জেকে/২২১৫ ঘ.
bdnews24