ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধন নিয়ে সরকার জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছে বিএনপি।
রোববার রাজধানীতে এক সমাবেশে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার একদিকে আমিনী সাহেবের ভয়ে বলছেন, কুরআন-সুন্নাহ বিরোধী কোনো আইন করা হবে না। অন্যদিকে সংবিধান সংশোধন করে ধর্ম নিরপেক্ষতা সংযোজন করা হচ্ছে। এভাবে তারা মিথ্যা ও অসত্য বক্তব্য দিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করছে।
দ্রব্যমূল্য বিএনপি শাসনামলের চেয়ে এখন কম- মুজিবনগর দিবসে মেহেরপুরে প্রধানমন্ত্রীর দেওয়া এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, মুজিবনগর একটি পবিত্র স্থান। এখানে বাংলাদেশের প্রবাসী সরকার শপথ নিয়েছিলো। সেই পবিত্র স্থানে গিয়ে প্রধানমন্ত্রী আজ (রোববার) অসত্য ভাষণ দিয়েছেন।
"প্রধানমন্ত্রীর এই বক্তব্য জনগণ বিশ্বাস করে না। চারদলীয় জোট সরকারের আমলে মোটা চালের কেজি ছিলো ১৬-১৭ টাকা। তা এখন বেড়ে ৪০ টাকা হয়েছে।"
দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার ছোট ভাই আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে মামলা দ্রুত নিষ্পত্তির তাগিদ দেওয়া সম্পর্কিত প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে মুক্তাঙ্গনে যুবদল এই বিক্ষোভ সমাবেশ করে।
তারেক-কোকোর মামলা দ্রুত নিষ্পত্তির পদক্ষেপ নিতে গত ১১ এপ্রিল মন্ত্রিসভার বৈঠকে তাগিদ দেন প্রধানমন্ত্রী।
যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দলের যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমউদ্দিন আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, যুবদলের সিনিয়র সহ সভাপতি আবদুস সালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোরতাজুল করিম বাদরু।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/পিডি/১৯৩৭ ঘ.
bdnews24