ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারী উন্নয়ন নীতির বিরোধিতা করে ডাকা হরতাল সারাদেশে ঢিলেঢালাভাবে পালিত হলেও চট্টগ্রামের হাটহাজারী ও নারায়ণগঞ্জে সংঘর্ষ হয়েছে। সারাদেশে সংঘর্ষে আহত হয়েছে পুলিশসহ দেড় শতাধিক, গ্রেপ্তারও হয়েছে সমসংখ্যক।
ইসলামী আইন বাস্তবায়ন কমিটির নামে সোমবার এ হরতালের ডাক দেন ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী।
রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে হরতালের তেমন প্রভাব দেখা যায়নি। পিকেটিং কিংবা মিছিল-সমাবেশ খুব বেশি দেখা যায়নি। সচিবালয়, অফিস-আদালতে কাজ চলেছে। পুঁজিবাজার ছিলো চাঙা।
ট্রেন, বিমান ও লঞ্চ চলাচল ছিলো স্বাভাবিক। মহানগরীগুলোতে বাস চললেও দূরপাল্লার গাড়ি চলাচল ছিলো খুব কম। স্থল ও নৌবন্দরগুলোতে কাজও ছিলো স্বাভাবিক।
হরতাল শেষে এক সংবাদ সম্মেলনে আমিনী দাবি করেন, সারাদেশে তাদের ৩ শতাধিক নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছে। পুলিশি হামলায় আহত হয়েছে ২ শতাধিক।
মুফতি আমিনীর ডাকা এ হরতালে দেশের কওমী মাদ্রাসাগুলোর শিক্ষার্থীদের সাড়া দেখা যায়। এগুলোর মধ্যে সবচেয়ে বড় হাটহাজারী দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসার ছাত্ররা সকালেই হরতালের সমর্থনে রাস্তায় নেমে আসে। এ মাদ্রাসাটি বড় মাদ্রাসা নামে পরিচিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক মিন্টু চৌধুরী ঘটনাস্থল ঘুরে জানান, দুপুর সাড়ে ১২টা থেকে নগরীর উপকণ্ঠের অক্সিজেন মোড় থেকে চৌধুরীহাট পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়কে শতাধিক বাস ভাংচুর করে হরতালকারীরা। বাসগুলো দেশের বিভিন্ন স্থান থেকে ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরিফের ওরসে যাচ্ছিলো।
ঢাকার কামরাঙ্গীচর থেকে ওরসে আসা মো. সামসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তারা বাস ভাঙচুরের সময় বলছিলো, এরা মাজারে যায় কেন, এরা ইসলাম মানে না।"
হরতালকারীরা নগরীর উপকণ্ঠের বালুচরা এলাকায় শিউলি পেট্রোল পাম্পে আগুন ধরিয়ে দেয় ও ব্যাপক ভাংচুর চালায়। পরে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
শিউলী পেট্রোল পাম্পে পুলিশের সঙ্গে হরতালকারীদের সংঘর্ষের সময় একটি চাইনিজ রাইফেল ও একটি ওয়াকিটকি খোয়া যায় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার কুসুম দেওয়ান।
ভাংচুরের এক পর্যায়ে স্থানীয়রা জোট বেঁধে মাদ্রাসাছাত্রদের ওপর পাল্টা হামলা চালায়। এরপর পুলিশি ধাওয়ার মুখে ছাত্ররা পিছু হটে। ওই সময় স্থানীয়রা ছয় জনকে আটক করে পুলিশে দেয়।
সংঘর্ষ ও অবরোধের কারণে চট্টগ্রামের সঙ্গে হাটহাজারী, রাঙামাটি ও খাগড়াছড়ির সরাসরি সড়ক যোগাযোগ সারাদিনই বন্ধ ছিলো। বিকাল সাড়ে ৫টার দিকে গাড়ি চলাচল শুরু হয়।
অন্যদিকে দক্ষিণ চট্টগ্রামের পটিয়া মাদ্রাসা এবং জিরি মাদ্রাসার ৪ হাজারের বেশি ছাত্র চট্টগ্রাম-কক্সবাজার সড়কে অবস্থান নিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেয়।
নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, সকাল ১১টার দিকে সাইনবোর্ড এলাকায় হরতাল সমর্থনকারীরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। পুলিশ তাদের হটানোর চেষ্টা চালালে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় পুলিশ পিকেটারদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে কাঁদানে গ্যাস ও রবার বুলেট ছোড়ে। এর পাল্টায় ইট ছুড়তে থাকে পিকেটাররা।
পরে পুলিশ জলকামান থেকে পানি ছুড়ে পিকেটারদের হটিয়ে দেয়। পিকেটাররা পাশের একটি মাদ্রাসায় আশ্রয় নিলে পুলিশ সেখান থেকে ১০ জনকে আটক করে।
পুলিশের লাঠিপেটা ও সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ১০ সদস্যসহ অর্ধশতাধিক আহত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার বিশ্বাস আফজাল হোসেন বলেন, "আমরা কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কাজ করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে, এমন কাজ কাউকে করতে দেওয়া হবে না।"
এদিকে ভোর থেকেই হরতাল সমর্থনকারীরা জেলা শহরের চাষাঢ়া গোল চত্বর, ২ নম্বর রেল গেইট, ডিআইটি ও খানপুর মেট্রোহল মোড়, ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড (সংযোগ সড়ক), ফতুল্লার পঞ্চবটিসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নেয়।
ফজরের নামাজের পরপরই এসব স্থানে লাঠিসোঁটা, রড ও ধারালো অস্ত্র নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে শহর ও শহরতলীর বিভিন্ন কওমী মাদ্রাসার ছাত্ররা।
পিকেটাররা সড়কে টায়ার পুড়িয়ে সড়ক অবরোধ করে। ফলে শহরে যান চলাচল বন্ধ ছিলো। কোনো দোকানপাটও খোলেনি। ফতুল্লার পাগলায় পিকেটারদের সঙ্গে পুলিশের দু'দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
মৌলভীবাজার প্রতিনিধি জানান, হরতালের সমর্থনে শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রদের অবরোধের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে গাড়ি চলাচল তিন ঘণ্টা বন্ধ ছিলো।
সকাল সাড়ে ৭টার দিকে শ্রীমঙ্গলের ভৈরবগঞ্জ বাজারে শেখবাড়ি কওমী মাদ্রাসার ৫ শতাধিক ছাত্র ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। তারা কুরআন শরিফ হাতে নিয়ে রাস্তায় বসে পড়েন। এতে সড়কে চলাচল বন্ধ হয়ে গেলে শতাধিক গাড়ি আটকা পড়ে।
সকাল সাড়ে ১০টার দিকে শ্রীমঙ্গল থানা পুলিশ হরতাল সমর্থকদের পিটিয়ে উঠিয়ে দিলে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।
ওই সময় সংঘর্ষে আহত হয় ২৫ জন। এর মধ্যে পিকেটারদের ছোড়া ইটে আঘাত পান মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. আলমগীর হোসেন ও তার গাড়িচালক গৌরাঙ্গ বর্মন।
ফরিদপুর প্রতিনিধি জানান, নগরকান্দা উপজেলা সদরে হরতালকারীরা পুলিশের একটি গাড়ি জ্বালিয়ে দেয়। পুলিশ-পিকেটার সংঘর্ষে আহত হয় নগরকান্দা থানার ওসিসহ অন্তত ২১ জন।
উপজেলা সদরে হরতাল সমর্থকরা সকালেই পিকেটিংয়ে নামে। সকাল সাড়ে ৮টার দিকে পুলিশের সঙ্গে পিকেটারদের বাকবিতণ্ডা এবং পরে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।
এক পর্যায়ে কয়েক হাজার পিকেটার থানা ঘেরাও করলে পুলিশ শটগানের চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ফরিদপুর থেকে অতিরিক্ত পুলিশ বহনকারী একটি পিকআপ ভ্যান জঙ্গুরদি এলাকায় পৌঁছালে পিকেটাররা তাতে আগুন ধরিয়ে দেয় বলে পুলিশ জানায়।
চাঁদপুর প্রতিনিধি জানান, কচুয়া উপজেলায় হরতালকারীরা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্থানীয় সাংসদ মহীউদ্দীন খান আলমগীরের গাড়িবহরে হামলা চালায়।
হরতালের সমর্থনে কওমী মাদ্রাসার শিক্ষার্থীরা ঢাকা-কচুয়া সড়ক আকানিয়া বাইপাস এলাকায় গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখে।
ওই সড়ক দিয়ে যাওয়ার পথে মহীউদ্দীন আলমগীরের গাড়িবহর পিকেটারদের তোপে পড়ে। পরে স্থানীয় ছাত্রলীগকর্মীরা মাদ্রাসা ছাত্রদের ওপর হামলা চালালে পাঁচ জন আহত হয়।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, দুপুর দেড়টার দিকে জেলা শহরের কাউতলী মোড়ে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরীর গাড়ির ওপর হামলা চালাতে যায় পিকেটাররা। তখন পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাঁধে। এতে পাঁচজন আহত হন।
সদর থানার ওসি শাখাওয়াথ হোসেন সাংবাদিকদের বলেন, পিকেটাররা পুলিশের একটিসহ পাঁচটি গাড়ি ভাংচুর করে।
আমিনীর জেলা ব্রাহ্মণবাড়িয়ায় সকালে হরতালের সমর্থনে মিছিল হলেও দুপুরের পর ছাত্রলীগের হরতালবিরোধী মিছিল শুরু হলে রাজপথ ছেড়ে দেয় কওমী মাদ্রাসার শিক্ষার্থীরা।
সরাইল উপজেলার শাহবাজপুরে ইউনিয়ন যুবলীগের সভাপতি মজিবুর রহমানের মটর সাইকেলকে ভাংচুর এবং তাকে মারধর করে পিকেটাররা।
বিভাগীয় শহর খুলনা, রাজশাহী, বরিশাল, রংপুর ও সিলেটে হরতালের প্রভাব খুব বেশি পড়েনি। বড় ধরনের গোলযোগও হয়নি। তবে মিছিল হয়েছে।
অধিকাংশ জেলায় মিছিল এবং মিছিল থেকে অনেককে গ্রেপ্তার করা হলেও নীলফামারী, জয়পুরহাটসহ কয়েকটি জেলায় হরতালের পক্ষে কোনো মিছিলও দেখা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/এমসি/এএল/এমআই/১৮৪০ ঘ.
bdnews24