২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উল্লাপাড়ায় বিএনপির ২ পক্ষের ধাওয়াধাওয়ি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি স্কুলের বরখাস্ত হওয়া প্রধান শিক্ষককে নিয়ে দ্বন্দ্বের জের ধরে বিএনপির দুপক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2011, 12:00 PM

Updated : 24 Aug 2022, 02:49 PM

সিরাজগঞ্জ, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি স্কুলের বরখাস্ত হওয়া প্রধান শিক্ষককে নিয়ে দ্বন্দ্বের জের ধরে বিএনপির দুপক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সাবেক এমপি ও উপজেলা বিএনপির সভাপতি এম আকবর আলীর সমর্থক এবং উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আজাদ হোসেনের সমর্থকদের মধ্যে এই ধাওয়াধাওয়ি হয়। রোববার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রতিষ্ঠাতা এম আকবর আলী সাময়িক বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক আব্দুল মজিদকে অবৈধভাবে যোগদান করানোর জন্য রোববার সকালে বিদ্যালয়ে নিয়ে যান। এসময় আজাদ হোসেনের সমর্থকরা বাঁধা দিলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এম আকবর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্কুল পরিচালনা কমিটি প্রধান শিক্ষক আব্দুল মজিদকে সাময়িক বরখাস্ত করেছে। হাইকোর্ট বিষয়টিকে অবৈধ ঘোষণা করায় তিনি হাইকোর্টের রায় নিয়ে প্রধান শিক্ষককে যোগদান করাতে নিয়ে গিয়েছিলেন। কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষ তাদের উপর হামলা চালানোর চেষ্টা করলে তারা ঘটনাস্থল ত্যাগ করেন। এম. আকবর আলীর দেওয়া কাগজপত্র ভুয়া বলে উল্লেখ করে মোমেনা আলী বিজ্ঞান স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রকিবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাইকোর্টের কাগজপত্র সঠিক হলে সে কপি তার কাছে পাঠানো হতো। কিন্তু এ বিষয়ে তার কাছে কোন কাগজপত্র নেই। যে কারণে বরখাস্ত হওয়া শিক্ষককে স্বপদে যোগদান করতে দেওয়া হয়নি। এ বিষয়ে স্কুলের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অতুল সরকারের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এম আকবর আলীর কথা অনুযায়ী এখন পর্যন্ত আব্দুল মজিদের সাময়িক বরখাস্ত অবৈধ ঘোষণা সংক্রান্ত হাইকোর্টের কোন চিঠি বা নির্দেশনা তিনি পাননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৭৪৯ ঘ.