২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মহাজোটে ঐক্যের বিকল্প নেই'

অন্ধকার থেকে দেশকে আলোর পথে আনতে মহাজোটে ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান এইচএম এরশাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2011, 12:51 PM

Updated : 24 Aug 2022, 02:44 PM

মানিকগঞ্জ, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অন্ধকার থেকে দেশকে আলোর পথে আনতে মহাজোটে ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান এইচএম এরশাদ। বুধবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলায় এক অনুষ্ঠানে তিনি বলেন, "আমরা দিন বদলের বিশাল প্রত্যাশা নিয়ে মহাজোট গঠন করেছিলাম। আশা করি দিন বদল হবে। কি পেলাম না পেলাম সেটা বড় কথা নয়।" বুরুণ্ডি এলাকায় রমজান আলী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এরশাদ বলেন, কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। একটি জনপদের সার্বিক উন্নয়ন নির্ভর করে সেই এলাকার মানুষের শিক্ষা ও সচেতনতার ওপর। টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠার মধ্য দিয়ে মহাজোট সরকারের ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে বলে তিনি দাবি করেন। মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাংসদ এসএম আব্দুল মান্নান, সাংসদ জাহিদ মালেক স্বপন, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম মহিউদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা জাপার সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন তুষার প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪০ ঘ.