২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ'লীগ-বিএনপি-পুলিশ সংঘর্ষ, আহত ২৫

রাজশাহীর পুঠিয়া উপজেলায় আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2011, 04:32 PM

Updated : 24 Aug 2022, 02:43 PM

রাজশাহী, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর পুঠিয়া উপজেলায় আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। রোববার সন্ধ্যায় শিবপুর বাজারে এ সংঘর্ষে আহত দুই পুলিশকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ঘটনার পর বিএনপির ২৪ সমর্থককে আটক করা হয়েছে। উত্তেজনা বিরাজ করায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিএনপি সদ্য প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার স্মরণে স্থানীয় বিএনপি বিকাল ৩টায় শিবপুর ইক্ষু ক্রয় কেন্দ্র মাঠে মিলাদ মাহফিলের আয়োজন করে। একই সময় আওয়ামী লীগও ওই স্থানে বঙ্গবন্ধুর জন্মদিনের একটি আলোচনা সভা ডাকে। এ নিয়ে উত্তেজনার পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসন ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দোয়া মাহফিল শেষে সন্ধ্যা ৭টার দিকে বিএনপি নেতাকর্মীরা মিছিল শুরু করলে পুলিশ বাধা দেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি চলাকালে আওয়ামী লীগ একটি মিছিল বের করে। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। সংঘর্ষ চলাকালে রাজশাহী-ঢাকা মহাসড়কে চারটি বাস, দু'টি মোটরসাইকেল ও দু'টি মাইক্রোবাস ভাংচুর করা হয়। এ সময় পুলিশ বেশ কয়েক রাউন্ড শর্টগানের ফাকা গুলি ছোড়ে। বিএনপির কেন্দ্রীয় বিশেষ সম্পাদক ও জেলা সভাপতি নাদিম মোস্তফা সাংবাদিকদের বলেন, নির্ধারিত স্থানে অনুষ্ঠান করতে না পেরে মসজিদ চত্বরে তারা মিলাদ মাহফিল করেন। এরপর পুলিশ ও আওয়ামী লীগের লোকজনের হামলায় তাদের ১৫ কর্মী আহত হন। তাদের কর্মীদের ৩০টি মোটরসাইকেলও ভাংচুর করা হয় বলে তিনি দাবি করেন। বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার বলেন, বিএনপির সমর্থকরা পুলিশের উপর হামলা চালালে বিক্ষুুদ্ধ এলাকাবাসী তাদের ধাওয়া দেয়। পুঠিয়া থানার ওসি জিয়াউল আলম বলেন, মিছিল করে বিএনপি কর্মীরা ১৪৪ ধারা জারিকৃত এলাকায় ঢুকে পড়লে বাধা দেয়ে। এতে তারা পুলিশের উপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা ও শর্টগানের ১৪ রাউন্ড গুলি ছোড়ে। ওসি বলেন, বিএনপি কর্মীদের হামলায় পুলিশের চার সদস্য আহত হয়েছে। এদের মধ্যে কনস্টেবল জাবেদ ও মামুনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের উপর হামলার ঘটনায় ঘটনাস্থল থেকে বিএনপির ২৪ কর্মীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে বলে জানান তিনি। পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) এসএম রোকন উদ্দিন সাংবাদিকদের বলেন, রাজশাহী সদর থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২৯ ঘ.