২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'রায়ের অংশ প্রত্যাহার করলে দেশ বাকশালে ফিরে যাবে'

পঞ্চম সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায়ের অংশবিশেষ প্রত্যাহার করলে দেশ বাকশালে ফিরে যাবে বলে মন্তব্য করেছেন খন্দকার মাহবুব হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2011, 11:36 AM

Updated : 24 Aug 2022, 02:42 PM

ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের আবেদন অনুযায়ী পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া আপিল বিভাগের রায়ের অংশবিশেষ প্রত্যাহার করা হলে দেশ বাকশালের সময়ে ফিরে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। বৃহস্পতিবার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সরকারের পক্ষের রিভিউ পিটিশন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "জিয়া ও এরশাদ আমলের সব ভালো কাজকেও যদি অবৈধ ঘোষণা করা হয়, তাহলে দেশ চতুর্থ সংশোধনীতে ফিরে যাবে। তার মানে বাকশাল চলে আসবে, বিচার বিভাগ ও সংবাদপত্রের স্বাধীনতা থাকবে না।" অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ১৪ মার্চ পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া আপিল বিভাগের রায়ের অংশবিশেষ প্রত্যাহারের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেন। মাহবুবে আলম ওইদিন বলেন, আপিল বিভাগের রায়ের পর্যবেক্ষণে সামরিক শাসনকে বেআইনি ঘোষণা করা হলেও সেই আমলে করা কিছু ভালো কাজকে অবৈধ ঘোষণা না করে মার্জনা করার কথা বলা হয়েছে। তবে সরকারপক্ষ মনে করছে, রায়ের মূল অংশে যেহেতু ওই শাসন আমলকে 'পাস্ট এন্ড ক্লোজ' বলা হয়েছে। তাই বিশেষ কোনো কাজ আলাদা করে মার্জনা করার কথা বলার প্রয়োজন নেই। আপিল বিভাগের ওই রায়ের পর দেশে সাংবিধানিক শূন্যতা চলছে মন্তব্য করে খন্দকার মাহবুব হোসেন বলেন, "আমরা জানি না, দেশে কোন সংবিধানে চলছে। সংবিধান সংশোধন কমিটির খসড়া, পঞ্চম সংশোধনী বাতিল করে দেওয়া সুপ্রিম কোর্টের রায়ের ফলে তৈরি সংবিধান, না কি বাহাত্তরের সংবিধান।" পঞ্চম সংশোধনী বাতিল করে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের আগে ১১৬ অনুচ্ছেদে নিু আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলা বিধানে সুপ্রিম কোর্টের সুপারিশ করার বিধান ছিলো উল্লেখ করে তিনি বলেন, "ওই রায়ের পর আইন মন্ত্রণালয় এসব বিষয়ে সুপারিশের জন্য পাঠালেও সুপ্রিম কোর্ট এখন সুপারিশ করছে না।" ফলে নিু আদালতের বিচারকদের বদলি-পদোন্নতিতে স্থবিরতা দেখা দিয়েছে এবং তাদের মধ্যে হতাশার জন্ম হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি বলেন, "ওই রায়ে সুপ্রিম কোর্ট আশা করেছিলো, সরকার সংবিধান সংশোধন করে ১১৬ অনুচ্ছেদকে ১৯৭২ সালের জায়গায় নিয়ে যাবে। সরকারের উচিৎ সুপ্রিম কোর্টের ইচ্ছাকে গুরুত্ব দেওয়া। ওই অনুচ্ছেদটি সংশোধন না করায় নিু আদালত প্রশাসনের আওতায় চলে গেছে বলেও মন্তব্য করেন তিনি। মুন সিনেমা হলের মালিকানা দাবি করে বাংলাদেশ ইতালিয়ান মার্চেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল আলমের একটি রিট আবেদনে হাইকোর্ট ২০০৫ সালের ২৯ অগাস্ট সিনেমা হলটির মালিকানা ফেরত দেয়ার নির্দেশ দেয় এবং সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করে। এতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সাল পর্যন্ত খন্দকার মোশতাক আহমেদ, আবু সাদাত মোহাম্মদ সায়েম এবং জিয়াউর রহমানের শাসনকে বেআইনি ঘোষণা করা হয়। তবে আদালত ওই সময়ে 'জনস্বার্থে করা' সরকারের বেশকিছু বেআইনি কাজকে মওকুফ করে দেয়। এ রায়ের বিরুদ্ধে ওইদিন রাতেই তৎকালীন অ্যাটর্নি জেনারেল আপিল করেন। গত ৩ জানুয়ারি সরকারের এক আবেদনে আপিল বিভাগ ওই আবেদন প্রত্যাহার করার অনুমতি দেয়। বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এবং জামায়াতপন্থি তিন আইনজীবী এতে পক্ষভুক্ত হওয়ার আবেদন করেন। শুনানি শেষে সুপ্রিমকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ ২ ফেব্র"য়ারি আবেদনগুলো খারিজ করে দেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সম্পাদক মো. বদরুদ্দোজা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৭২৭ ঘ.