২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনগণ চায় বলেই সংসদে ফিরছি: মওদুদ

বিএনপি অচিরেই সংসদে ফিরছে জানিয়ে দলের নেতা মওদুদ আহমদ বলেছেন, জনগণের চাওয়া মেনেই তাদের এ সিদ্ধান্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2011, 08:38 AM

Updated : 24 Aug 2022, 02:40 PM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি অচিরেই সংসদে ফিরছে জানিয়ে দলের নেতা মওদুদ আহমদ বলেছেন, জনগণের চাওয়া মেনেই তাদের এ সিদ্ধান্ত। শুক্রবার এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ এ কথা বলেন। নবম জাতীয় সংসদের অধিবেশন দীর্ঘদিন ধরে বর্জন করে আসছে বিএনপি। চলমান অধিবেশনে তারা যোগ না দিলে আইন অনুযায়ী বিএনপি সংসদ সদস্যদের সদস্যপদ খারিজ হয়ে যাবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ইতোমধ্যে শনিবার দলের উপদেষ্টা কাউন্সিলের বৈঠক ডেকেছেন। বৈঠকের একদিন আগেই মওদুদ সংসদে ফেরার ইঙ্গিত দিলেন। মওদুদ বলেন, "জনগণ চায়, আমরা সংসদে যোগ দিই। সেজন্য শিগগিরই আমরা সংসদে যোগ দেবো।" বিএনপি এতদিন বলে আসছিলো, সংসদে তাদের কথা বলতে দেওয়া হয় না। মওদুদ বলেন, "এটা হবে সরকারের জন্য একটা অগ্নিপরীক্ষা। সংসদে যোগ দেওয়ার পর সরকারি দলের আচরণ পরিবর্তন হয় কি না, তা আমরা দেখতে চাই।" সংসদে যোগ দিয়ে বিএনপি দ্রব্যমূল্য, পুঁজিবাজার পরিস্থিতিসহ বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলতে চায় বলে জানান তিনি। সংসদে বিএনপির থাকা না থাকার বিষয়টি সরকারি দলের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেন মওদুদ। সরকারের 'অদক্ষতা' তুলে ধরে তিনি বলেন, "তারা সংসদে সংখ্যাগরিষ্ঠ আসন পেলেও সরকার হিসেবে দুর্বল। সংখ্যাগরিষ্ঠ আসন পেলেই সরকার যে শক্তিশালী হয় না, বর্তমান সরকারের অদক্ষতা দেখে তা প্রমাণ হয়েছে।" "প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরকারের লোকজন সত্য কথা জানাচ্ছে না। মিথ্যা কথা বলে তাকে সত্য থেকে দূরে রাখা হচ্ছে", বলেন তিনি। বিএনপি বর্তমান সংসদের দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ ও সপ্তম অধিবেশনে অনুপস্থিত রয়েছে। পঞ্চম অধিবেশনে তারা গেছেন মাত্র একদিন। সর্বশেষ বিএনপির নেতৃত্বে বিরোধী দল গত বছরের ২ জুন সংসদ যোগ দেয়। ২০০৮ সালে ২৯ ডিসেম্বর জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পর নবম সংসদ অধিবেশন বসে ২০০৯ সালের ২৫ জানুয়ারি। সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে ন্যাপ'র উদ্যোগে প্রয়াত রাজনীতিক মশিউর রহমান যাদু মিয়ার ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মওদুদ। ন্যাপ সভাপতি জেবেল রহমান গানির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, কেন্দ্রীয় নেতা এহসানুল কবীর, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪৪০ ঘ.