নাটোর, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যা মামলায় বাংলাভাইয়ের সহযোগী শাহাদৎ হোসেন (৫৫) নামে এক জেএমবি সদস্যকে নাটোর সদর উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার ভোরে জগদীশপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নলডাঙ্গা থানা পুলিশ জানিয়েছে।
নলডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার সাংবাদিকদের বলেন, কিছু প্রক্রিয়া শেষ করার পর শাহাদৎ হোসেনকে রাজশাহী কারাগারে স্থানান্তর করা হবে।
এর আগেও শাহাদৎকে তিনবার গ্রেপ্তার করে পুলিশ ও র্যাব।
বাগমারা থানায় অভিযোগ রয়েছে, ২০০৪ সালের পহেলা এপ্রিল নাটোর সদর উপজেলার স্বরকতুয়া গ্রামের কলেজ ছাত্র মনোয়ার হোসেন ওরফে বাবুকে রাজশাহীর বাগমারা উপজেলার পলাশি গ্রামে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়।
নিষিদ্ধ সংগঠন জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি) বাংলাভাইয়ের নেতৃত্বে প্রকাশ্যে হত্যার এটাই ছিলো প্রথম ঘটনা। ঘটনার পর পরই বাগমারা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। তবে পুলিশ মামলাটিতে চূড়ান্ত প্রতিবেদন দেয়।
২০০৮ সালে নিহতের পিতা মহসিন আলী বাদি হয়ে আবার মামলা করেন।
পুলিশ তদন্ত শেষে বাংলাভাই ওরফে সিদ্দিকুর রহমানসহ নয় জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। তখন আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
এলাকাবাসী সাংবাদিকদের জানান, জেএমবি'র তৎপরতার সময় শাহাদৎ হোসেন বাংলা ভাইকে নিয়ে নাটোর ও নলডাঙ্গা এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করতেন।
চারদলীয় জোট সরকারের সময়ে রাজশাহী অঞ্চলে বাংলাভাই'র উত্থান ঘটে। পরে তাকে গ্রেপ্তারও করা হয়। ঝালকাঠীর বিচারক হত্যামামলায় তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ফাঁসিতে ঝোলানো হয় বাংলাভাইকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৮২৫ ঘ.
bdnews24