ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জুরাইনে গাড়িচালকসহ আওয়ামী লীগ নেতা মোহাম্মদ উল্লাহ হত্যায় জড়িত অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তাররা হলেন- মো. জাবেদ ওরফে প্রিন্স (১৯) ও মো. আরিফ হোসেন (১৯)। শুক্রবার গভীর রাতে সূত্রাপুর এলাকা থেকে র্যাব ১০-এর সহযোগিতায় তাদের গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা।
শনিবার দুপুরে র্যাব সদরদপ্তরে গ্রেপ্তারদের সাংবাদিকদের সামনে উপস্থিত করে র্যাব। এ সময় তারা হত্যার কথা স্বীকার করলেও, হত্যাকাণ্ডের কারণ জানা নেই বলে দাবি করেন।
র্যাব ধারণা করছে রাজনৈতিক ও বাড়ি সংক্রান্ত আর্থিক লেনদেনের জেরে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। গ্রেপ্তারদের দাবি, হত্যাকাণ্ডের পুরো ব্যাপারটি স্বেচ্ছাসেবক দলের মিজু নামে এক স্থানীয় নেতার তদারকিতে ঘটেছে।
গ্রেপ্তার বিকেলে মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত ২৩ ফেব্র"য়ারি বিকালে পূর্ব জুরাইনের কমিশনার রোডে গাড়িতে বসা অবস্থায় শ্যামপুর-কদমতলী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ ও তার গাড়িচালক মো. হারুনুর রশিদকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
জাবেদ সাংবাদিকদের জানান, তারা পাঁচজন হত্যাকাণ্ডে অংশ নিয়েছিলেন।
"দক্ষিণ আফ্রিকা থেকে সুমন নামে একজন ফোনে এই হত্যার নির্দেশ দেয়," জানিয়ে তিনি বলেন, "পরে জুরাইনের জাকিরের কাছ থেকে অস্ত্র নিয়ে জুম্মন, আরিফ, জাকির ও হিরাকে নিয়ে এ ঘটনা ঘটাই। এ সময় স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা মিজু ফোনে সার্বক্ষণিক তদারকি করেন।"
কাজ শেষে তারা প্রত্যেকে চার হাজার টাকা করে পেয়েছেন বলে জানান জাবেদ।
আরিফ জানান, হত্যাকাণ্ডের এ ঘটনা ছাড়াও তিনি জুরাইন ও সূত্রাপুর এলাকায় আরো দুটি গুলি, একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছেন। দুদিন আগে তারা একবার মোহাম্মদউল্লাহকে হত্যার চেষ্টা করেও সফল হননি।
"হত্যাকাণ্ডের সময় চারটি আগ্নেয়াস্ত্র থেকে ২৩ রাউন্ড গুলি করা হয়," বলেন আরিফ।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মোহাম্মদ সোহায়েল সাংবাদিকদের বলেন, "আটকরা ভাড়াটে খুনি। এদের সহযোগীদের ধরা গেলে খুনের আসল কারণ জানা যাবে। রাজনৈতিক কারণ, বাড়ি সংক্রান্ত লেনদেনের জেরে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে ধারণা করছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এলএন/পিডি/১৯১০ ঘ.
bdnews24