মাগুরা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরার শালিখা উপজেলার গজদুর্বা গ্রামে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
এই মৃত্যু সংবাদ শুনে একপক্ষ উত্তেজিত হয়ে শুক্রবার সন্ধ্যায় ও শনিবার সকালে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালায় এবং অন্তত ২০টি বাড়িতে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে।
হাসেম আলী নামের একজন গ্রামবাসী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২৯ জানুয়ারি দুপুরে স্থানীয় আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান রাজ্জাক মোল্লা ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দাউদ মণ্ডলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় দু'পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়।
এই সংঘর্ষকালে কয়েকটি বাড়ি ও দোকানে ভাংচুর করা হয়। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে দাউদ মণ্ডলের সমর্থক আনসু মণ্ডলের (৩৫) অবস্থা ছিলো আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তিনি মারা যান।
আনসুর মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে দাউদের পক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে শুক্রবার সন্ধ্যায় এবং শনিবার সকালে রাজ্জাক মোল্লা ও তার পক্ষের পারভেজ মোল্লা, ইমদাদ, হাকিম, রমজান, হাফিজুর, সাখাওয়াত, ওলিয়ার, বাবলু মেম্বার, আয়ুব হোসেন, সায়েদ আলী ও ফুল মিয়ার বাড়িসহ কমপক্ষে ২০টি বাড়িতে হামলা চালায়। তারা ফুল মিয়া, হাকিম, ইউসুফের তিনটি দোকানে ভাংচুর করে।
হামলাকারীরা বাড়ি ঘরে ব্যাপক ভাংচুর চালায় ও লুটপাট করে। এ সময় বাধা দিতে গিয়ে ছটু বিবি, সায়েরা, শিমু, রোকেয়া ও ডলি নামের ৫ জন আহত হয়। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
শনিবার দুপুরে গজদুর্বা গ্রামে গিয়ে দেখা গেছে, রাজ্জাক মোল্লা ও তার পক্ষের লোকজনের বাড়িঘর অরক্ষিত অবস্থায় রয়েছে। বিভিন্ন মালামাল ও আসবাবপত্রের ভাঙ্গা অংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। অনেকে গ্রেপ্তার আতঙ্ক ও পুনরায় হামলার আশঙ্কায় গ্রাম ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।
গজদুর্বা গ্রামের বুরননেছা, ফরিদা বেগম ও শিলা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দাউদ মণ্ডল ও লাটিম মণ্ডলের নেতৃত্বে হামলাকারিরা তাদের বাড়িঘর তছনছ করেছে। হামলাকারীরা সোনা, নগদ টাকা, ধান, চাল, সরিষা এমনকি নিত্য প্রয়োজনীয় জিনিষপত্র লুট করেছে। তারা গরু, স্যালো মেশিন ও বাড়ির নলকূপের মাথা পর্যন্ত খুলে নিয়ে গেছে।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, সংষর্ঘের খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
হামলা ভাংচুরের ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৮৪৪ ঘ.
bdnews24