২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা-গুম বন্ধ না হলে রাজপথ: খালেদা

গুপ্তহত্যা-গুম এবং বিরোধী নেতাকর্মীদের ওপর নির্যাতন বন্ধ না হলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2011, 11:50 AM

Updated : 24 Aug 2022, 05:24 PM

রোববার রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সিটিটিউশন প্রাঙ্গণে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সরকারের প্রতি এই হুঁশিয়ারি দেন তিনি। দেশ সঙ্কটে রয়েছে দাবি করে তা থেকে উত্তরণে আন্দোলনে সক্রিয় হতেও মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানান খালেদা।

সকাল থেকে গোলযোগের মধ্যেই দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন খালেদা। বিজয়ের ৪০ বছর পূর্তিতে মুক্তিযোদ্ধাদের এ সংবর্ধনা দিলো বিএনপি।

রোববার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানের আগতদের সকালে পুলিশ লাঠিপেটা করে বের করে দেয়।

এর পর ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বিস্ফোরণ এবং কয়েকটি গাড়িতে আগুন ধরানোর ঘটনা ঘটে। ঢাকায় বিস্ফোরণে এক জন নিহত হয়। সিলেটেও বাসে আগুন দেওয়া হলে পুড়ে মারা যায় এক বাসযাত্রী।

অনুষ্ঠানে খালেদা জিয়া বলেন, “মুক্তিযোদ্ধাদের অভ্যর্থনা জানাতে আমাদের নেতা-কর্মীরা ঢাকার বিভিন্ন স্থানে ছিলো। কিন্তু এই বর্বর সরকার তাদের ওপর হামলা চালিয়েছে। মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার এই অনুষ্ঠান বানচাল করতেই এসব করা হয়েছে। তারা পুলিশের ওপর ভর করে আছে। জনগণের কোনো সমর্থন নেই। ”

বিএনপি গোলযোগের জন্য সরকারকে দায়ী করলেও স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন দাবি করেছেন, বিএনপিকর্মীরাই বোমাবাজি ও আগুন দেওয়ার ঘটনায় জড়িত।

সরকারের উদ্দেশে বিরোধী নেতা বলেন, “সরকারকে বলতে চাই, হত্যা-গুম বন্ধ করুন। বিরোধী নেতা-কর্মীদের ওপর অত্যাচার বন্ধ করুন। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে দিন। গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দেবেন না। নইলে রাজপথ ছাড়া আমাদের বিকল্প থাকবে না।”

মহাজোট সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে দাবি করে খালেদা মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “একদিন দেশ স্বাধীন করার জন্য আপনারা ট্রেনিং নিয়ে যুদ্ধ করেছেন। এবার দেশ রক্ষার জন্য সেই ট্রেনিং কাজে লাগাতে হবে।”

দেশ এক চরম সংকটে মহাবিপদে রয়েছে মন্তব্য করে তিনি বলেন, “দেশের আকাশে শুকুনের আনাগোনা শুরু হয়ে গেছে। এখন সরকার অস্ত্র, পুলিশ ও দলীয় ক্যাডার নিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়। তাই মুক্তিযোদ্ধাদের বলছি- আপনাদের ট্রেনিং কাজে লাগাতে হবে। আমরা একসঙ্গে এই সরকারকে হটাতে হবে।”

বিএনপি ক্ষমতায় গেলে সব মুক্তিযোদ্ধাকে পুনর্বাসিত করার অঙ্গীকার করে তিনি বলেন, “তখন আর কোনো মুক্তিযোদ্ধাকে ভিক্ষা করতে হবে না, রিকশা চালাতে হবে না। আমরা মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন করব।”

বিগত চারদলীয় জোট সরকারের সময়ে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় নামে নতুন মন্ত্রণালয় গঠনের কথাও উল্লেখ করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

বিকাল ৩টা ১০ মিনিটে খালেদা জিয়া মঞ্চে উঠে দেশের বিভিন্ন স্থান থেকে আসা মুক্তিযোদ্ধাদের সালাম জানান। উপস্থিত মুক্তিযোদ্ধারাও দাঁড়িয়ে করতালি দিয়ে সালামের জবাব দেন।

মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর শাহজাহান ওমর বীর উত্তম সমাবেশে সভাপতিত্ব করেন।

সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে নানা রঙের ব্যানার ফেস্টুন টাঙানো হয়। মঞ্চের চারদিকে ছিলো জিয়াউর রহমানের প্রতিকৃতি। অনুষ্ঠানে আসা মুক্তিযোদ্ধাদের মাথায় ছিলো লাল-সবুজ টুপি এবং গায়ে সাদা গেঞ্জি।

সংবর্ধনায় সারাদেশ থেকে প্রায় সাড়ে তিন হাজার মুক্তিযোদ্ধা অংশ নেন।

‘বিএনপিই মুক্তিযুদ্ধের রণাঙ্গনের দল’

বিএনপিকে মুক্তিযুদ্ধের রণাঙ্গনের দল দাবি করে খালেদা জিয়া বলেন, “যারা মুক্তিযুদ্ধের দল দাবি করে আসলে তাদের নেতারা মুক্তিযুদ্ধ করেননি। দেশের মানুষকে বিপদে ফেলে ওপারে চলে গেছেন। তাই তাদের দল তাঁবেদারের দল। বিএনপিই প্রকৃত ও মুক্তিযুদ্ধের রণাঙ্গনের দল।”

“২৫ মার্চ রাতে পাকিস্তানী বাহিনীর হামলার পর তৎকালীন মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে চট্টগ্রামে অষ্টম ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট প্রথম বিদ্রোহ করে।”

“স্বাধীনতার ঘোষণার যে চিরকুট পাঠানোর কথা বলা হয়- তা আওয়ামী লীগের বানানো বিষয়। কোনো চিরকুট বিডিআর ওয়্যারলেন্সের মাধ্যমে পাঠানো হয়নি।”-যোগ করেন তিনি।

বক্তব্যের শুরুতে খালেদা জিয়া বলেন, “আমি শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেখ মুজিবুর রহমান, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানসহ আত্মত্যাগকারী মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি।”

স্বাধীনতাবিরোধীদের বিচার

বিএনপি যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে চাইছে বলে সরকারি দলের নেতাদের দেওয়া বক্তব্য প্রত্যাখ্যান করে খালেদা বলেন, “স্বাধীনতাবিরোধীদের বিচার আমরাও চাই। তবে সেটা করতে হবে দল নিরপেক্ষ বিচারক দিয়ে, আন্তর্জাতিক মান বজায় রেখে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নির্দলীয় ও নিরপেক্ষ হতে হবে।”

“১৯৫ জনকে কেন সেসময় বিচার না করে ছেড়ে দেওয়া হয়েছে- আমরা তা জানতে চাই। আজ তারা থাকলে সেদিন কারা রাজকার, আলবদর, আলশামস ছিলো- কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে- এসব কিছু জানা যেত।’

ক্ষমতাসীন দলের ‘স্বাধীনতাবিরোধীদের’ গ্রেপ্তার দাবি করে তিনি বলেন, “আগে তাদের ধরুন। তাহলে বুঝব আপনারা (সরকার) সত্যিকারভাবে স্বাধীনতাবিরোধীদের বিচার চান।”

টিপাইমুখ বাঁধ

টিপাইমুখ বাঁধ নির্মাণের বিরুদ্ধে সরকারের ‘নীরব ভূমিকার’ সমালোচনা করে খালেদা জিয়া বলেন, “এই বাঁধ নির্মাণে আমি প্রতিবাদ জানিয়েছি। ভারতের প্রধানমন্ত্রীর কাছে কয়েকবার চিঠি দিয়েছি। কিন্তু আমাদের সরকার এক্ষেত্রে কোনো প্রতিবাদ করেনি।

“বরং তারা এখন বলছেন, ওই বাধ হলে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না। এ থেকে বোঝা যায়, এ সরকার কী দেশপ্রেমিক।”

ট্রানজিটের নামে সরকার করিডোর দিয়েছে দাবি করে বিএনপি চেয়ারপার্সন বলেন, “তিস্তার পানিবণ্টন চুক্তি হয়নি। ভারতের সঙ্গে বিভিন্ন গোপন চুক্তি করে সরকার সব কিছু তুলে দিতে চায়। এখন বাংলাদেশটা নামে মাত্র স্বাধীন আছে। সার্বভৌমত্ব আর নেই।”

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের গত সেপ্টেম্বরের বাংলাদেশ সফরে ট্রানজিট নিয়ে দুদেশের মধ্যে ট্রানজিট ও তিস্তার পানিবণ্টন বিষয়ক কোনো চুক্তি হয়নি।

৪০ মিনিট স্থায়ী বক্তব্যে ১৯৭৪ সালের দুর্ভিক্ষাবস্থাসহ বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেন, “১৯৭২-৭৫ সালে সিরাজ শিকদারসহ ৩০ হাজার রাজনৈতিক নেতা-কর্মীকে হত্যা করা হয়। বর্তমানে গত তিন বছরে সরকারের হাতে গুমসহ বিভিন্নভাবে ১৫ হাজার মানুষ হত্যা হয়েছে। এসব হত্যাকাণ্ড মানবতাবিরোধী। তাই একদিন এর জন্য তাদের বিচারের মুখোমুখি হতে হবে।”

‘জিয়াকে নিয়ে ষড়যন্ত্র’

মুক্তিযুদ্ধের পর জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে জিয়াউর রহমানকে সেনাপ্রধান করা হয়নি অভিযোগ করে খালেদা জিয়া বলেন, “জিয়া একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা ছিলেন। তাই তিনি সেনাপ্রধান হলে একটি স্বাধীন দেশের জন্য শক্তিশালী সেনাবাহিনী করবে বলে তাকে তা করা হয়নি।”

“৭ নভেম্বর সিপাহী ও জনতা বিপ্লবে জিয়াউর রহমান রাষ্ট্রপতি হলে আধুনিক সেনাবাহিনী গঠনে কাজ করেছেন। ৫টি ব্রিগেড থেকে ৫টি ডিভিশন করেছেন।”

ভারতের নাম উল্লেখ না করে খালেদা জিয়া বলেন, “গতবার অন্য একটি দেশ বস্তায় বস্তায় টাকা দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে এসেছে। এবার যত বস্তায় বস্তায় টাকা দেন না কেন আওয়ামী লীগকে ক্ষমতায় আনা যাবে না।”

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি সভাপতি অলি আহমদ, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, সহসভাপতি সাদেক হোসেন খোকা, হাফিজ উদ্দিন আহমেদ, শমসের মবিন চৌধুরী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য রেদোয়ান আহমেদ, সেক্টার কমান্ডার এম হামিদুল্লাহ খান, সাবেক প্রতিরক্ষা প্রতিমন্ত্রী নুরুল ইসলাম মঞ্জু, বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করীমসহ মুক্তিযোদ্ধারা বক্তব্য দেন।
 

পুরনো খবর:

গোলযোগের মধ্যে মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে খালেদা
সারা দেশে বিক্ষোভ করবে বিএনপি