২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোডমার্চ: যশোরের পথসভায় খালেদা

সরকার পতনের আন্দোলন ‘বেগবান করতে’ খুলনা রোডমার্চের দ্বিতীয় দিনে যশোর ঈদগাহ মাঠে পথসভায় উপস্থিত হয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2011, 05:52 AM

Updated : 24 Aug 2022, 04:59 PM

যশোর, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার পতনের আন্দোলন ‘বেগবান করতে’ খুলনা রোডমার্চের দ্বিতীয় দিনে যশোর ঈদগাহ মাঠে পথসভায় উপস্থিত হয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

স্থানীয় নেতাকর্মীরা ভোর থেকেই এ পথসভায় বক্তব্য দিতে শুরু করলেও আনুষ্ঠানিকভাবে সভা শুরু হয় সকাল ৯টায়। খালেদা জিয়া সভাস্থলে পৌঁছান বেলা সাড়ে ১১টার পর।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদার সভাপতিত্বে এ পথসভায় অংশ নিতে জেলার বিভিন্ন স্থান থেকে নেতা-কর্মী সমর্থকরা ভোরেই ঈদগাহ মাঠে জড়ো হতে শুরু করেন।

এই সভা শেষ করে গাড়িবহর নিয়ে বাগেরহাটে হযরত খান জাহান আলীর (র.) মাজার জিয়ারত করতে যাবেন বিএনপি চেয়ারপার্সন। সেখান থেকে দুপুরে যাবেন খুলনায়। বিকেলে খুলনা সার্কিট হাউস মাঠে জনসভার মধ্য দিয়ে শেষ হবে খালেদা জিয়ার তৃতীয় রোডমার্চ কর্মসূচি।

এর আগে শনিবার সকালে ঢাকা থেকে রোডমার্চ শুরু করে পাবনার দাশুরিয়ায় পথসভা এবং সন্ধ্যায় কুষ্টিয়ায় জনসভা করেন খালেদা জিয়া। সেখান থেকে ঝিনাইদহে একটি পথসভা করে রাতে তিনি যাশোরে পৌঁছান।

কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জনসভায় জনগণকে সরকার হটানোর আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, “তারা পালাতে চাইবে, তবে সে সুযোগ দেওয়া হবে না।”

বিজয় দিবস ও রোড মার্চ কর্মসূচি শেষ হলে সরকার পতনে চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তিনি।

খুলনার আগে সিলেট ও চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে রোড মার্চ করেছিলেন খালেদা। এছাড়া জনসভা করেন ময়মনসিংহে।

খুলনার পর চট্টগ্রাম ও রংপুরেও শরিকদের নিয়ে রোডমার্চ করবেন তিনি। এছাড়া বরিশালে একটি জনসভা করারও কথা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১১৪৯ ঘ.