ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধী এবং দুর্নীতিবাজদের বিচার প্রক্রিয়ায় ভীত হয়ে বিএনপিপন্থীরা আদালতেও 'ওয়াকআউটের' মতো 'অপসংস্কৃতি' চালু করেছে বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
শুক্রবার সকালে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, "বিএনপি বিচার প্রক্রিয়াকে ভয় পায়। এ কারণেই দুর্নীতিবাজ তারেক রহমান এবং শীর্ষ যুদ্ধাপরাধী বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি সংসদ ওয়াকআউটের মতো আদালত ওয়াকআউটের মতো অপসংস্কৃতি চালু করার চেষ্টা করছে।"
গিয়াস আল মামুনের ব্যাংক হিসাব থেকে টাকা নিয়ে সিঙ্গাপুরে তারেক রহমানের ৫০ হাজার ৬১৩ ডলার ব্যয়ের তথ্য বুধবার ঢাকার আদালতে তুলে ধরেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআইর কর্মকর্তা ডেবরা লাপ্রেভোট। তবে তার সাক্ষ্য নেওয়ার প্রতিবাদ জানিয়ে সেদিন আদালত বর্জন করেন আসামিদের আইনজীবীরা।
এ মামলায় খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান পলাতক রয়েছেন।
কামরুল বলেন, "তারেক রহমানের অর্থ পাচার মামলায় এফবিআই কর্মকর্তার সাক্ষ্য নেওয়ার বিষয়ে আদালতের অনুমতি নেওয়া হয়েছিলো। অনুমতি নেওয়ার সময়ে তারেকের আইনজীবীরা উপস্থিত ছিলেন। অথচ তখন তারা কোন অভিযোগ জানাননি।"
পৃথিবীর ইতিহাসে আদালত থেকে ওয়াকআউটের ইতিহাস নেই- এমন দাবি করে তিনি বলেন, "বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত এবং প্রশ্নবিদ্ধ করতে তারা এধরনের কর্মকাণ্ড করছে। তারা ভালো করেই অবগত আছেন বিচার প্রক্রিয়ার আইনী লড়াইয়ে তারা কখনোই তারেককে রক্ষা করতে পারবে না। আইনকে ভয় পায় বলেই এমনটি করেছেন।"
'বর্তমান রাজনীতিতে বিএনপি-জামায়াতের অপতৎপরতা এবং আমাদের করণীয়' শীর্ষক আলোচনা সভায় আয়োজন করে সামাজিক সংগঠন 'জনতার প্রত্যাশা'।
২০১২ সালের মধ্যেই যুদ্ধাপরাধীদের বিচার হবে- এমন কথা জানিয়ে আইন প্রতিমন্ত্রী বলেন, "২০১২ সাল হবে ৭১-এর ঘাতকদের বিচারের বর্ষ।"
বিএনপির রোডমার্চসহ অন্যান্য কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, "বিএনপির তত্ত্বাবধায়ক পুনর্বহাল আন্দোলনের আড়ালে ৭১ এর ঘাতক, লুটেরা এবং গ্রেনেড হামলাকারীদের রক্ষা করতে চায়। আর তাই যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু হওয়ার আগে দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ ও খন্দকার মাহবুব এর মতো আইনজীবীরাও প্রকাশ্যে ঘাতকদের রক্ষায় আইনী লড়াইয়ে অংশগ্রহণ করছেন।"
আলোচনা সভায় শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া বলেন, "এক সময়ে বাংলাদেশে সংঘটিত সব অপরাধ পরিচালিত হতো হাওয়া ভবন থেকে। যারা দুর্নীতিমুক্ত রাষ্ট্রগঠনের প্রক্রিয়াতে বাধাগ্রস্ত করতে চায় দেশের জনগণ তাদের প্রতিহত করবে।"
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদিকা নুরজাহান বেগম, ঢাকা মহানগর আওয়ামীলীগের শাহ আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক অরুণ সরকার রানা, জনতার প্রত্যাশার সভাপতি এম এ করিম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএল/১৪৪০ ঘ.
bdnews24