ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় বুধবার সাক্ষ্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এফবিআইয়ের কর্মকর্তা ডেবরা লেপ্রোভেট।
তবে জবানবন্দির পর তাকে জেরা না করেই আদালত বর্জন করেছেন এ মামলার আরেক আসামি গিয়াসউদ্দিন আল মামুনের আইনজীবীরা। তাদের অভিযোগ, ডেবরার সাক্ষ্য নেওয়ার ক্ষেত্রে আইন লঙ্ঘন করা হয়েছে।
বুধবার বেলা ১১টা থেকে ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতে এফবিআই কর্মকর্তা ডেবরার সাক্ষ্যগ্রহণ করেন বিচারক মো. মোজাম্মেল হোসেন। দুপুর দেড়টা পর্যন্ত সাক্ষ্যগ্রহণ চলে।
মামুনের আইনজীবী খন্দকার মাহাবুব হোসেন ও ফখরুল ইসলাম বলেন, ডেবরা অভিযোগপত্রভুক্ত সাক্ষী নন। নিয়ম অনুযায়ী অভিযোগপত্রভুক্ত সাক্ষীদের সাক্ষ্য শোনার পর অভিযোগপত্রের বাইরের মনোনীত সাক্ষীর বক্তব্য নেওয়া যায়। এক্ষেত্রে তা করা হয়নি।
ডেবরা জবানবন্দিতে যা বলেছেন এবং সাক্ষ্যের সমর্থনে যেসব কাগজপত্র দাখিল করেছেন- তা পর্যবেক্ষণের জন্য আসামিপক্ষের আইনজীবীদের সময় দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি।
এই এফবিআই কর্মকর্তার তদন্তেই তারেক ও তার ঘনিষ্ট বন্ধু গিয়াস আল মামুনের অর্থ পাচারের বিষয়টি বেরিয়ে এসেছিল। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেককে পলাতক দেখিয়েই এ মামলার বিচার চলছে।
বুধবার আদালতের কার্যক্রমের শুরুতে ডেবরার সাক্ষ্যগ্রহণ মুলতবি রাখার জন্যও আবেদন করেন মামুনের আইনজীবীরা।
আবেদনে বলা হয়, "এ সাক্ষী অভিযোগপত্রের অন্তর্ভক্ত নন। ১৬১ ধারায় তার কোনো জবানবন্দিও নেওয়া হয়নি। ১৬১ ধারার জবানবন্দি থাকলে সেই নথি দেখে সাক্ষীকে জেরা করা যেতো।"
এ সাক্ষ্যগ্রহণে আইন ভাঙার অভিযোগ এনে উচ্চ আদালতে যাবেন বলেও আবেদনে উল্লেখ করেছেন আইনজীবীরা।
আদালত সাক্ষ্যগ্রহণ মুলতবির আবেদন নাকচ করে দিলে আসামিপক্ষ ডেবরাকে জেরা না করেই আদালত ছেড়ে চলে যায়।
এ সময় রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ছাড়াও আনিসুল হক, মোশারফ হোসেন কাজল উপস্থিত ছিলেন।
বিচারক মো. মোজাম্মেল হোসেন আগামী ৮ ডিসেম্বর সাক্ষ্য নেওয়ার পরবর্তী দিন রেখেছেন।
২০০৯ সালের ২৬ অক্টোবর দায়ের করা এ মামলার অভিযোগে বলা হয়, একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কার্যাদেশ পাইয়ে দিতে তারেক ও মামুন ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা ঘুষ নেন এবং তা সিঙ্গাপুরে পাচার করেন।
গত ৮ অগাস্ট তারেকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কিউএইচ/জেকে/১৫১৭ ঘ.
bdnews24