সুমন মাহমুদ
প্রধান রাজনৈতিক প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সিলেট, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোড মার্চের পর সরকারকে হঠাতে আন্দোলনের 'ফাইনাল' কর্মসূচি দেওয়ার বিষয়টি আবারো মনে করিয়ে দিলেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
সোমবার সিলেট অভিমুখে রোডমার্চ কর্মসূচিতে এক পথসভায় তিনি বলেন, "আগামীতে আন্দোলনের ফাইনাল কর্মসূচি দেবো। ওই কর্মসূচির জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। এই সরকারকে হটিয়ে দেশেপ্রেমিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।"
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আগামীতে চার দলীয় জোট আবারো সরকার গঠন করবে- এমন বিশ্বাসের কথা জানিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, "এখনো সময় আছে, জনগণকে আর কষ্ট দেবেন না। ক্ষমতা ছেড়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন। আমরা আন্দোলন চাই না। শান্তিপূর্ণ পথে ক্ষমতা হস্ততন্তর চাই।"
সোমবার রাতে মৌলভীবাজারের শেরপুরে এই পথসভা শেষ করেই সিলেটের উদ্দেশে রওনা হয় খালেদা জিয়ার গাড়ি বহর। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে বিএনপির নেতৃত্বে চার দলের এই রোড মার্চ সিলেটে পৌঁছায় রাত ১০টা ২০ মিনিটে।
খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খালেদা জিয়া সিলেট পৌঁছানোর পর রোড মার্চ সমন্বয় কমিটির আহবায়ক খন্দকার মোশাররফ হোসেন এবং সিলেট জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলী তাকে স্বাগত জানান।
বিএনপি চেয়ারপার্সন মঙ্গলবার হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করবেন এবং বিকেলে চার দলের জনসভায় বক্তৃতা করবেন। এর মধ্য দিয়েই শেষ হবে সিলেটের কর্মসূচি।
সোমবার সকাল ১০টা ৫০ মিনিটে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়। একটি সাদা রংয়ের জিপে করে খালেদা জিয়া রোড মার্চের নেতৃত্ব দেন।
এ উপলক্ষে ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তোরণ নির্মাণ করে বিএনপির নেতা-কর্মীরা। সড়কের পাশে বসানো হয় জিয়াউর রহমান, জিয়া খালেদা এবং তারেক রহমানের বড় বড় প্রতিকৃতি। বিভিন্ন স্থানে ব্যান্ড বাজিয়ে দেশাত্মকবোধন গান গেয়ে নেতা-কর্মীদের উৎসাহ জোগানো হয়।
নরসিংদীর বিভিন্ন স্থানে সড়কের পাশে বিএনপির নির্বাচনী প্রতীক ধানের ছড়া হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় কৃষক দলের কর্মীদের। নেতা-কর্মী-সমর্থকরা ছাড়াও বিভিন্ন স্থানে সাধারণ জনতা রাস্তার দুই ধারে জড়ো হয়ে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানায়। তিনিও হাত নেড়ে জবাব দেন।
ঢাকা ছাড়ার পর নারায়ণগঞ্জের তারাব, নরসিংদীর ইটাখোলা মাঠ, ব্রাহ্মণবাড়ীয়ার কোট্টপাড়া, কিশোরগঞ্জের ভৈরব, শায়েস্তাগঞ্জ মোড় এবং মৌলভীবাজারের শেরপুরে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য দেন খালেদা জিয়া। মাঝে হবিগঞ্জের মাধবপুরে হাইওয়ে ইন রেস্ট হাউজে ঘণ্টাখানেক যাত্রাবিরতি করেন তিনি।
চারদলীয় জোটের রোড মার্চের বহরে এক হাজারের বেশি গাড়ি অংশ নেয়। খালেদার গাড়িতে ছিলেন তার ছোটভাই শামীম এস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা।
তবে বিপুল সংখ্যক গাড়ি আর অব্যবস্থাপনার কারণে ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ জটের সৃষ্টি হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে রোড মার্চ সমন্বয় কমিটির আহবায়ক খন্দকার মোশাররফ হোসেনের গাড়ি দুর্ঘটনায় পড়লে তিনি ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার গাড়িতে করে কর্মসূচিতে অংশ নেন।
গত ২৭ সেপ্টেম্বর নয়া পল্টনের জনসভা থেকে এই রোড মার্চ কর্মসূচি ঘোষণা করেন খালেদা। এর পরপরই তিনি বলেছিলেন, রোড মার্চের পর সরকার পতনের 'ফাইনাল ম্যাচ' শুরু হবে।
১৮ অক্টোবর রাজশাহী এবং পরে চট্টগ্রামসহ অন্য বিভাগীয় শহরগুলোর উদ্দেশ্যেও রোডমার্চ করার ঘোঘণা দিয়েছে বিএনপি।
'তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন নয়'
মৌলভীবাজারের শেরপুরে সর্বশেষ পথসভায় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবি তুলে ধরে খালেদা জিয়া বলেন, "ক্ষমতা কুক্ষিগত করতেই সরকার ওই ব্যবস্থা বাতিল করেছে। আমরা বলে দিতে চাই- দেশে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া অন্য কোনো সরকারের অধীনে নির্বাচন হতে দেওয়া হবে না।"
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে গত ৩০ জুন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সরকার। বিএনপি শুরু থেকেই এর বিরোধিতা করে আসছিল।
খালেদা জিয়া বলেন, "মইনউদ্দিন-ফখরুদ্দীনের সরকার তত্ত্বাবধায়ক সরকার ছিলো না। তারা ছিলো অবৈধ অসাংবিধানিক সরকার। তাই ওই সরকারকে তত্ত্বাবধায়ক সরকার বলা যায় না।"
সিলেট ও মৌলভীবাজারের উন্নয়নে বিএনপির সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের অবদানের কথাও পথসভায় স্মরণ করেন খালেদা জিয়া।
সাইফুর রহমানের ছেলে মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি নাসের রহমানের সভাপতিত্বে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, সাবেক ছাত্র নেতা হাবিবুর রহমান হাবিব, মোস্তাফিজুর রহমান বাবুল, যুব দল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল বক্তব্য রাখেন।
জেলা বিএনপির উদ্যোগে এই পথসভায় কয়েক হাজার নেতা-কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের পথসভা শেষ করে রাত ১০টায় খালেদা জিয়ার গাড়ি বহর শেরপুরে পৌঁছায়। মহাসড়কের দুই ধারে হাজার হাজার নেতা-কর্মী দাঁড়িয়ে খালেদা জিয়াকে করতালি দিয়ে শুভেচ্ছা জানায়।
অব্যবস্থাপনা
বিএনপি নেতাকর্মীদের সহস্রাধিক গাড়ির দীর্ঘ বহরে চরম অব্যবস্থাপনার কারণে সোমবার ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ জনগণ ভোগান্তিতে পড়ে।
সকালে নয়া পল্টন থেকে রোড মার্চ শুরুর পর পুলিশ ও র্যাব সদস্যরা যানজট নিয়ন্ত্রণ করে খালেদা জিয়া গাড়িবহরকে এগিয়ে যেতে সহায়তা করেন। কিন্তু খালেদা জিয়ার বহর এগিয়ে যাওয়ার পর পেছনের গাড়িগুলোর মধ্যে শুরু হয় আগে যাওয়ার প্রতিযোগিতা। ফলে সৃষ্টি হয় চরম বিশৃঙ্খলা। এ সময় বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
ঢাকা-সিলেট মহাসড়কে উঠে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের মাইক্রোবাসগুলো দুই-তিন সারিতে আগে যাওয়ার প্রতিযোগিতা শুরু করলে বিশৃঙ্খলা আরো বাড়ে।
এক পর্যায়ে চারদলের শরিক বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান ও ইসলামী ঐক্যজোটের সভাপতি মাওলনা মোহাম্মদ ইসহাকসহ অনেক জ্যেষ্ঠ নেতার গাড়ি খালেদা জিয়ার গাড়ি বহর থেকে পেছনে পড়ে যায়।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাব এলাকায় ছাত্র দলের কর্মীদের বহনকারী একটি মাইক্রোবাস রোড মার্চ সমন্বয় কমিটির আহবায়ক খন্দকার মোশাররফ হোসেনের গাড়িকে ধাক্কা দেয়। এতে ক্ষতিগ্রস্ত হয় গাড়িটি।
এরপর ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার গাড়িতে করে রোড মার্চে অংশ নেন মোশাররফ।
এছাড়া গণমাধ্যমকর্মীদের গাড়িগুলোকে খালেদা জিয়ার গাড়িবহরে যুক্ত না করায় সাংবাদিকরা মূল বহর থেকে কয়েক কিলোমিটার দূরে জটের মধ্যে পড়েন। ফলে তাদের অনেকেই নারায়ণগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়ার পথসভায় সময়মতো পৌঁছাতে পারেননি।
এ বিষয়ে অভিযোগ করলে খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রহুল আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, "সাংবাদিকরা অবশ্যই পুলিশ প্রটেকশনের বাইরে থাকবেন। তারা কীভাবে সংবাদ সংগ্রহ করবেন, তা তাদের নিজস্ব বিষয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/০১৩০ ঘ.
bdnews24