২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আতঙ্কের তত্ত্বাবধায়কে ফেরা আর নয়: নাসিম

তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালে বিরোধী দলের দাবি প্রত্যাখ্যান করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা মোহাম্মদ নাসিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2011, 08:42 AM

Updated : 24 Aug 2022, 04:29 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালে বিরোধী দলের দাবি প্রত্যাখ্যান করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা মোহাম্মদ নাসিম। বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার-হয়রানির দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন, "যে পদ্ধতি আতঙ্ক সৃষ্টি করে, তা আর আনতে চাই না।" শুক্রবার বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসেসিয়েশন মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা জেলা শাখা আয়োজিত এক আলোচনা সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নাসিম এ কথা বলেন। আগামী নির্বাচনের বিষয়ে বিরোধী দলের প্রস্তাব থাকলে তা সংসদে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, যৌক্তিক প্রস্তাব অবশ্যই আওয়ামী লীগ মেনে নেবে। 'যুদ্ধাপরাধী, জঙ্গিবাদের উত্থান-জিয়া ও খালেদার ভূমিকা' শীর্ষক আলোচনা সভায় নাসিম বলেন, বিএনপিতে অনেক মুক্তিযোদ্ধা থাকা সত্ত্বেও খালেদা জিয়া একাত্তরের ঘাতকদের সরাসরি পক্ষ নিয়ে নিজের দলের সঙ্গে বেঈমানি করেছেন। যুদ্ধাপরাধের বিচারে সরকারের অঙ্গীকারের কথা স্মরণ করে তিনি বলেন, "বিএনপি-জামাতের লবি অনেক শক্তিশালী হতে পারে, তবে জীবনের ঝুঁকি নিয়ে হলেও এ বিচার শেষ করে প্রতিশ্র"তি রক্ষা করা হবে।" গত নির্বাচনের সময় দেওয়া অঙ্গীকার আগামী নির্বাচনের আগেই সরকার বাস্তবায়ন করবে জানিয়ে নাসিম বলেন, "খেলা শেষ করেই আওয়ামী লীগ নির্বাচনে যাবে। জনগণ যা রায় দেবে, তাই মেনে নেওয়া হবে।" নারায়ণগঞ্জ সিটি কর্পোরশনের আসন্ন নির্বাচন সরকার 'টেস্ট কেস (পরীক্ষা)' হিসেবে দেখছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৪৩৬ ঘ.