২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফজলু হত্যা: আরো এক আসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আওয়ামী লীগ নেতা ফজলুল হক হত্যা মামলায় গ্রেপ্তার ইমরান হোসেন কালু সোমবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2011, 04:54 PM

Updated : 24 Aug 2022, 02:25 PM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতা ফজলুল হক হত্যা মামলায় গ্রেপ্তার ইমরান হোসেন কালু সোমবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ নিয়ে এ মামলায় ৬ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন। তারা সবাই ফজলুল হক হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আজহারুল ইসলাম। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সোমবার বলেন, ওই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী মিন্টু এবং হাজী বাবুকে খোঁজা হচ্ছে। তাদের গ্রেপ্তার করা সম্ভব হলে মামলায় শতভাগ সাফল্য আসবে। তিনি জানান, শুক্রবার রাতে ভোলা থেকে কালু এবং রাজধানী থেকে আবুল হোসেন লিটনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য শনিবার এক দিনের হেফাজতে নেওয়া হয়। রিমান্ড শেষে সোমবার তাদেরকে আদালতে হাজির করা হলে কালু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ছয়জনের জবানবন্দি অভিন্ন বলে জানান এই পুলিশ কর্মকর্তা। এই ছয়জন হচ্ছেন- জসিম উদ্দিন, সেলিম আহাম্মদ, মো. শামীম এবং মঞ্জুর এলাহী। গোয়েন্দা পুলিশের হাতে ২০ জানুয়ারি গ্রেপ্তার দুলাল এবং ২৮ জানুয়ারি গ্রেপ্তার ইমরান হোসেন কালু। এ মামলায় রাজধানীর ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি হাজি নূর মোহাম্মদসহ এ পর্যন্ত মোট ১১ জনকে গ্রেপ্তার করলো থানা, র‌্যাব এবং গোয়েন্দা পুলিশ। ঢাকার ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক গত ১৪ জানুয়ারি দুপুরে আগারগাঁওয়ে বিজ্ঞান জাদুঘরের সামনে গুলিবিদ্ধ হন। পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরদিন রাতে ফজলুল হকের স্ত্রী নীলা হক একটি মামলা দায়ের করেন। শেরে বাংলা নগর থানা পুলিশ ঘটনার পরের দিন আওয়ামী লীগ নেতা হাজী নূর মোহাম্মদের জামাতা জাহাঙ্গীর কবির, যুবলীগ নেতা নেয়ামত হোসেন রাজু ও সালাউদ্দিনকে গ্রেপ্তার করে। এরপর গোয়েন্দা পুলিশ মামলার তদন্তের দায়িত্ব নেয়। গোয়েন্দা পুলিশ তদন্তের দায়িত্ব নেওয়ার পর র‌্যাব এবং গোয়েন্দা পুলিশ চারজন করে মোট আটজনকে গ্রেপ্তার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এইচএ/২২৫০ ঘ.