২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় পুনর্নির্বাচন দাবি বিএনপির

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের উপনির্বাচনের ফল প্রত্যাখ্যান করে আবার নির্বাচন চেয়েছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2011, 03:44 PM

Updated : 24 Aug 2022, 02:24 PM

ব্রাহ্মণবাড়িয়া, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের উপনির্বাচনের ফল প্রত্যাখ্যান করে আবার নির্বাচন চেয়েছে বিএনপি। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বিরোধী দল যখন সংবাদ সম্মেলন করে এই দাবি জানায় তখন ভোটের আংশিক ফলে এগিয়ে আছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থী। ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌলভীপাড়ায় জেলা বিএনপি সভাপতি হারুন আল রশিদ তার বাসায় সাংবাদিকদের বলেন, নির্বাচন সুষ্ঠু হয়নি। প্রহসনের নির্বাচন হয়েছে। এ সময় বিএনপি প্রার্থী মো. খালেদ হোসেন মাহবুব উপস্থিত ছিলেন। এর আগে বিএনপি এই আসনের পাঁচটি কেন্দ্রে আবার ভোট দেওয়ার দাবি জানায়। দলটির অভিযোগ, এসব কেন্দ্রে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা বিএনপি প্রার্থীদের এজেন্টদের বের করে দিয়ে জোর করে নৌকা প্রতীকে সিল মেরেছে। তবে নির্বাচন কমিশন দাবি করেছে, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। রাত ৯টা পর্যন্ত এই আসনের ১২৬টি কেন্দ্রের মধ্যে একশ'টির ফল ঘোষণা করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ইস্তাফিজুল আকন্দ। একশ'টি কেন্দ্রের ফলে আওয়ামী লীগ প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী (নৌকা) পেয়েছেন ৯৭ হাজার ২৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. খালেদ হোসেন মাহবুব (ধানের শীষ) পেয়েছেন ৬৫ হাজার ৬৬৬ ভোট। আওয়ামী লীগের সংসদ সদস্য লুৎফল হাই সাচ্চুর মৃত্যুতে আসনটি শূন্য হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪২ ঘ.