২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড. কামালের যুদ্ধাপরাধের বিচার হওয়া উচিত: সা কা

বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম ড. কামাল হোসেনের 'যুদ্ধাপরাধের' বিচার হওয়া উচিত। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2010, 04:05 PM

Updated : 25 Aug 2022, 06:42 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম ড. কামাল হোসেনের 'যুদ্ধাপরাধের' বিচার হওয়া উচিত। (বিস্তারিত) মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরীর গুডস হিলে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। সাকা চৌধুরী দাবি করেন, ড. কামাল নিজে একজন আইনজীবী হয়ে সংবিধানের আর্টিকেল ৪৭ এর প্রথম সংশোধনী লঙ্ঘন করেছেন। তিনি সংশোধনীর ছয় সপ্তাহের মধ্যে দিল্লি গিয়ে চুক্তি করে ১৯৫ জনকে পাকিস্তানে ফেরত পাঠিয়েছেন। ১৯৭৩ সালে আওয়ামী লীগ সরকারের আমলে এই সংশোধনী আনা হয় বলে তিনি দাবি করেন। তা এখনো বলবৎ আছে উল্লেখ করে বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন "যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে যদি প্রথম কারও বিচার করতে হয় তবে কামাল হোসেনের করতে হবে। একইসঙ্গে পাকিস্তান ফেরত যাওয়া ১৯৫ জন এবং একাত্তরের নয়মাসে যারা ইয়াহিয়া সরকারের দোসর ছিলেন অর্থাৎ বেতনভুক্ত কর্মচারী তাদেরও বিচার করতে হবে।" আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরদের এখতিয়ার নিয়েও প্রশ্ন তোলেন সাকা চৌধুরী। তিনি বলেন, "প্রসিকিউটরা কী করে তদন্তে যায়? তাদের কাজ আাদলতে। তারা এসেছেন তদন্ত করতে সব হিন্দু পাড়ায়, শ্মশান খুঁজতে। কই তারা তো কোনো কবরস্থানে যায়নি। তারা এসে কতগুলো হিন্দুর সাক্ষ্য নিয়েছে।" তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের সাক্ষ্য-প্রমাণ পাওয়া প্রসঙ্গে সালাউদ্দিন কাদের বলেন, "আমি তো অভিযুক্ত নই। আমার বিরুদ্ধে তো কেউ সাক্ষ্য দেয়নি।" অপর এক প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, যুদ্ধাপরাধ কোনো ইস্যু নয়। শুধুমাত্র চট্টগ্রাম বন্দরে ট্রানজিটের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তিনি সরকারের 'টার্গেটে' পরিণত হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেবি/এএনএস/এইচএ/২৩২০ ঘ.