২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'৫ম,৭ম সংশোধনী অবৈধ হলে তখনকার সংসদও অবৈধ'

সংবিধানের পঞ্চম ও সপ্তম সংশোধনী অবৈধ হলে ওইসময়কার নির্বাচিত দুটি সংসদকেও 'অবৈধ' মনে করেন বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2010, 03:23 PM

Updated : 25 Aug 2022, 06:32 PM

ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানের পঞ্চম ও সপ্তম সংশোধনী অবৈধ হলে ওইসময়কার নির্বাচিত দুটি সংসদকেও 'অবৈধ' মনে করেন বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী। তিনি বিগত সামরিক শাসনামলে উচ্চ আদালতের বিচারকদের ভূমিকারও কঠোর সমালোচনা করেন। রোববার এক আলোচনা সভায় তিনি এই অভিমত ব্যক্ত করেন। সালাহউদ্দিন কাদের চৌধুরী বলেন, ''সংবিধানের পঞ্চম ও সপ্তম সংশোধনী অবৈধ কিংবা বাতিল হলে ওই দুই সময়ের নির্বাচিত সংসদও অবৈধ বলে আমি মনে করি। কেবল তাই নয়, ওই সময়ে সংসদকে নির্বাচিত করতে যারা ভোট দিয়েছেন তাও অবৈধ।" রাজধানীর নয়াপল্টনে বিএনপি মহানগর কার্যালয়ের ভাসানী মিলনায়তনে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। আগামী ৩ সেপ্টেম্বর তারেকের কারামুক্তি দিবস পালন করবে বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলো। সামরিক শাসনামলে উচ্চ আদালতের বিচারকদের ভূমিকার সমালোচনা করে বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, "আমাদের বিচারপতিবা সংবিধান রক্ষার শপথ নেন। কিন্তু কঠিন সময়ে তারা শক্তির পক্ষে অবস্থান নেন।'' সালাহউদ্দিন কাদের চৌধুরী মনে করেন, বিচার বিভাগ রাজনৈতিক উচ্চাভিলাষী হয়ে উঠলে সংবিধান সংকটের মধ্যে পড়ে। ফলে সাংবিধানিক ধারাবাহিকতা ও রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট হয়। এ প্রসঙ্গে তিনি বিভিন্ন দেশে সামরিক শাসনের উদাহরণ টেনে বলেন, ''বিশ্বের বিভিন্ন দেশে সামরিক শাসন জারি হলে বিচারকরা সামরিক শাসনে প্রধান হয়েছেন, কিংবা সামরিক শাসককে শপথ পড়িয়েছেন। তখন বিচারপতিরা এটাও বলেন যে সংবিধান রক্ষা করতেই তারা এ কাজটি করেছেন।'' জিয়াউর রহমান, এইচ এম এরশাদ ও খালেদা জিয়ার শাসনামলে বিচারকদের চাকরির বয়সসীমা বাড়ানো হয়েছে উল্লেখ করে সাংসদ সালাহউদ্দিন কাদের চৌধুরী বলেন, তারা বিচারকদের বয়সসীমা বাড়িয়েছেন বলেই এখনও অনেকে বিচারপতি হিসেবে কাজ করছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একদলীয় বাকশাল প্রতিষ্ঠায় বাধ্য করা হয়েছিলো দাবি করে তিনি বলেন, ''সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন শেখ মুজিব। একদলীয় বাকশাল প্রতিষ্ঠায় যারা তাকে বাধ্য করেছিলো তাদের লোকজনই আজ আমার চাচাতো বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চারপাশে রয়েছে। এদের ব্যাপারে প্রধানমন্ত্রীকে সর্তক থাকতে হবে।'' বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও সংগঠনের সভাপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সংগঠনের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু, সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী, জিয়া পরিষদের চেয়ারম্যান কবির মুরাদ, কৃষক দলের সহসভাপতি এম এ তাহের, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএনএস/এইচএ/২১১২ঘ.