২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসেম্বরের আগে ডিসিসি নির্বাচন সম্ভব নয়: ছহুল

আগামী ডিসেম্বরের আগে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2010, 01:56 PM

Updated : 25 Aug 2022, 06:30 PM

ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ডিসেম্বরের আগে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন। আসন্ন ঈদ-উল ফিতরের পর এবং ঈদ-উল আযহার আগে নির্বাচন কমিশন (ইসি) ডিসিসি নির্বাচন অনুষ্ঠান করবে বলে ছহুল হোসাইনকে উদ্ধৃত করে মঙ্গলবার কয়েকটি বাংলা দৈনিক পত্রিকায় খবর প্রকাশ হয়। এ ধরনের সংবাদ প্রকাশ করায় ক্ষোভ প্রকাশ করে ছহুল হোসাইন সাংবাদিকদের বলেন, "ঈদ-উল ফিতরের পর ৭০ হাজারের বেশি হজযাত্রী দেশের বাইরে যাওয়া শুরু করবে। এরপর শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা শুরু হবে। অধিকাংশ ভোট কেন্দ্রই শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপন করা হয় এবং ভোট গ্রহণ কর্মকর্র্তারা অধিকাংশই শিক্ষক। "নির্বাচন প্রস্তুতিতে লোকবল ও প্রার্থীদের কথা বিবেচনায় রেখে ৪৫ দিন সময় দিয়ে তফসিল ঘোষণা করতে হয়। এ অবস্থায় নির্বাচন কমিশন প্রস্তুত থাকলেও ডিসেম্বরের আগে নির্বাচন সম্ভব নয়"। ডিসিসি নির্বাচনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে উল্লেখ করে ছহুল হোসাইন জানান, ইসি তো নির্বাচন অনুষ্ঠানে সব সময়ই প্রস্তুত ছিল। কিন্তু আইনিসহ নানা জটিলতায় তা সম্ভব হয়নি। এ বছরের শেষে অথবা আগামী জানুয়ারিতে স্থানীয় সরকারের নির্বাচনগুলো শুরু হবে। এর আগে বর্তমান নির্বাচন কমিশন চলতি বছরের এপ্রিল-মে মাসে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নিলেও তা সম্ভব হয়নি। বর্তমানে প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদ এবং তিনশ'র বেশি পৌরসভার নির্বাচনের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএনএস/পিডি/১৯৫৩ ঘ.