ঢাকা, জুলাই ২০ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘ সাড়ে সাত মাস পর জাতীয় নির্বাহী কমিটির সভা ডেকেছে প্রধান বিরোধী দল বিএনপি।
আগামী ৩১ জুলাই শনিবার সকাল ১০টায় এই সভা বসবে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের কাউন্সিল হলে।
সভায় দলের চেয়ারপারসন খালেদা জিয়া সভাপতিত্ব করবেন।
বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী প্রতি চার মাস পর জাতীয় নির্বাহী কমিটির সভা অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।
মঙ্গলবার দলের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় নির্বাহী কমিটির সদস্যদের এই সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে।
সভায় অংশ নিতে জাতীয় নির্বাহী কমিটির সদস্যদের আগামী ৩০ জুলাই নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে পরিচয়পত্র সংগ্রহ করার অনুরোধ জানানো হয়।
গত বছরের ৮ ডিসেম্বর দলের পঞ্চম কাউন্সিল অধিবেশনের পর ৩৮৬ সদস্যের নতুন জাতীয় নির্বাহী কমিটি গঠন করা হয়। এছাড়া দলের চেয়াপারসন খালেদা জিয়া ৩৪ সদস্যের একটি উপদেষ্টা কাউন্সিল গঠন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ডিডি/এইচএ/১৮৫৭ ঘ.
bdnews24