ঢাকা, জুলাই ১৩ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিরোধী দল বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, পিলখানায় বিডিআর হত্যা মামলায় পেশ করা অভিযোগপত্র রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট।
মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করে বলেন, "প্রতিহিংসা চরিতার্থ করতে বিএনপির সাবেক সাংসদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে এ অভিযোগপত্রে জড়ানো হয়েছে।"
তিনি বলেন, "ওই ঘটনার মূল নায়কদের আড়াল করা হয়েছে।"
পিন্টুকে আসামি করার নিন্দা জানিয়ে দেলোয়ার বলেন, "বানোয়াট কিসসা সাজিয়ে পিন্টুকে ওই মামলায় আসামি দেখানো হয়েছে। এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও প্রতিহিংসামূলক। আমরা এর নিন্দা জানাই।"
একই সঙ্গে ওই অভিযোগপত্র থেকে পিন্টুর নাম প্রত্যাহার ও তার মুক্তি দাবি করেন তিনি।
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। ২০০৯ সালের ২৫-২৬ ফেব্র"য়ারি সংঘটিত বিডিআর সদর দপ্তর পিলখানায় হত্যাযজ্ঞের ঘটনায় ৮২৪ জনকে আসামি করে সোমবার অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।
পাঁচশ দিন তদন্ত শেষে মূখ্য মহানগর হাকিম এ কে এম এনামুল হকের আদালতে সিআইডি তা দাখিল করে। অভিযোগপত্রে অভিযুক্তদের মধ্যে বিএনপির নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টু, আওয়ামী লীগের নেতা তোরাব আলী, তার ছেলে লেদার লিটনসহ ২৩ জন বেসামরিক নাগরিক রয়েছেন।
বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন।
দেলোয়ার অভিযোগ করেন, সিআইডি রাজনৈতিক প্রভাবে পড়ে বিডিআর বিদ্রোহ ঘটনার মামলায় সঠিক অভিযোগপত্র দিতে ব্যর্থ হয়েছে। 'পুঞ্জিভূত ক্ষোভ থেকে এই বিদ্রোহ হয়েছে' মামলার তদন্তকারী কর্মকর্তা আবদুল কাহহার আখন্দের এই মন্তব্যের জবাবে তিনি বলেন, "এটা গ্রহনযোগ্য নয়। সরকারের এই তদন্ত নিরপেক্ষ নয়। নিছক দাবি-দাওয়ার জন্য এভাবে সেনাবাহিনীর এতোজন কর্মকর্তাকে হত্যা করা হবে। আর উনি (কাহহার ) যা বলছেন, তা অকল্পনীয় কথা। এর পেছনে অবশ্যই একটি শক্তি ছিল। আমাদের সেনাবাহিনীকে ধ্বংস কিংবা দূর্বল করলে কে লাভবান হবে, তাদের হাত থাকতে পারে। দেশের মানুষ তাই মনে করে।"
এক প্রশ্নের জবাবে দেলোয়ার বলেন, "তোরাব আলীর নাম বাদ দিলে পিন্টুকে জড়ানো যায় না, তাই করেছে। তাকে (তোরাব আলী) বাদ দিলে একবারে 'নেকেট' ধরা পড়ে যাবে, তাই তারা এটা করেছে।"
তিনি আরও বলেন, "পিন্টু ঢাকার একজন উদীয়মান নেতা হিসেবে পরিচিত হয়ে উঠেছেন। তাই প্রতিহিংসা চরিতার্থ করতে সরকার পিন্টুকে সাজানো মামলায় জড়িয়েছে।"
বিডিআর এর নাম পরিবর্তন সম্পর্কে এক প্রশ্নের জবাবে দেলোয়ার ক্ষোভের সুরে বলেন, "সরকার তো আমাদের কোনো কথাই শুনছে না। মনে হচ্ছে তারা পেছনের কোনো শক্তির ইশারায় চলছে।"
বিএনপির ডাকা হরতাল ও মানববন্ধন কর্মসূচিতে পুলিশের বাধা প্রদানের কঠোর সমালোচনা করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, "তারা (সরকার) জনপ্রিয়তা হারানোর ভয়ে হিংস্র থেকে হিংস্রতর হচ্ছে। তারা পুলিশ, প্রশাসন ও বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে একতরফা ভাবে শাসন চালাচ্ছে। সরকার বিরোধী দলের ওপর নির্যাতনের যে পথে এগুচ্ছে, তা পতনের পথ।"
দেলোয়ার সরকারকে নির্যাতনের পথ থেকে সরে আসার আহ্বানও জানান।
সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, এম কে আনোয়ার, নজরুল ইসলাম খান, উপদেষ্টা কাউন্সিলের সদস্য শামসুজ্জামান দুদু, দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহানগরের সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালাম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, সহ দপ্তর সম্পাদক আরশাদুল করিম শাহিন প্রমূখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৫১৩ ঘ.
bdnews24