ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলায় 'ভোট ডাকাতির' জবাব প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনেই পাবেন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা মওদুদ আহমদ।
দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে মওদুদ বলেন, "সময় আর বেশি দেরি নেই। ভোলায় ভোট ডাকাতির নির্বাচনের পর থেকে দেশের মানুষ আওয়ামী লীগকে ঘৃণা করছে। আগামী নির্বাচনেই প্রধানমন্ত্রী এর জবাব পাবেন।"
ভোলা-৩ আসনের উপনির্বাচনের অভিজ্ঞতা প্রকাশ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি।
রোববার চাঁদপুরে আওয়ামী লীগের এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোলার উপনির্বাচনে বিএনপির প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদের পরাজয় নিয়ে প্রতিক্রিয়ায় বলেন, ভোলা-৩ আসনের নির্বাচন নিয়ে বিরোধী দলীয় নেতা অনেক কথা বলেছেন। ভোলার জনগণ তার উপযুক্ত জবাব দিয়েছে।
ভোলার লালমোহন ও তজুমদ্দিন উপজেলা নিয়ে গঠিত সংসদীয় ওই আসনে গত শনিবার উপনির্বাচন হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন ৫০ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ জানান, ভোলার নির্বাচনের ফলাফল বাতিল ও প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদাসহ দুই কমিশনারের পদত্যাগের দাবির সমর্থনে আন্দোলনের ধারাবাহিক কর্মসূচি দেওয়া হবে।
তিনি বলেন, "আমরা সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে আছি। কর্মসূচি দিয়েছি, আরো দেবো। ভোলার প্রহসনের নির্বাচনের ফলাফল বাতিল না করা হলে বিএনপি দলীয়ভাবে সিদ্ধান্ত নেবে।"
প্রধান বিরোধী দল বিএনপি ভোলার নির্বাচন বাতিলের দাবিতে ইতিমধ্যে আগামী ২৮ এপ্রিল সারাদেশে বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছে।
সংবাদ সম্মেলনে ভোলার উপনির্বাচনের প্রচারণার সময় থেকে ভোটগ্রহণ পর্যন্ত সরকারি দলের সন্ত্রাসী কর্মকাণ্ড ও ভোটারদের ভয়ভীতি দেখানোর একটি তথ্যচিত্র উপস্থাপন করা হয়।
এসময় নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া ৫৩ পৃষ্ঠার একটি লিখিত অভিযোগের অনুলিপিও সাংবাদিকদের দেওয়া হয়।
উপনির্বাচনে নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকার সমালোচনা করে সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, "ইসি দায়িত্বপালনে ব্যর্থ হয়েছে। তারা সরকারের এজেন্ট হিসেবে কাজ করেছে। ইসি জনগণের কাছে তার গ্রহণযোগ্যতা হারিয়েছে।
"নির্বাচন কমিশনাররা এই সাংবিধানিক পদে থাকার নৈতিক অধিকার আর রাখেন না। আত্মসম্মানবোধ থাকলে স্বেচ্ছায় পদত্যাগ করা উচিৎ। আমরা তাদের পদত্যাগ দাবি করেছি।"
ভোলার উপনির্বাচনকে 'নজিরবিহীন কারচুপি' হিসেবে অভিহিত করে তিনি বলেন, "সরকার, সরকারি দল ও নির্বাচন কমিশন ছাড়া দেশের মানুষ মনে করে ওই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি। এটা জনগণের নির্বাচন ছিলো না।"
দলীয় প্রার্থী হাফিজউদ্দিনকে জনপ্রিয় প্রার্থী হিসেবে অভিহিত করে মওদুদ বলেন, "বিগত ছয়টি নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়ী হন। ২৯ ডিসেম্বরের নীল নকশার নির্বাচনেও তাকে মাত্র আট হাজার ভোটের ব্যবধানে অবৈধপ্রার্থী জসিমউদ্দিন পরাজিত করেন। কিন্তু এবার ছয় গুণের ব্যবধানে থেকে বুঝা যায়, সেখানে কীরূপ নির্বাচন হয়েছে।"
গাণিতিক পরিসংখ্যান দিয়ে তিনি বলেন, "সকাল ৮টা থেকে ১১টার মধ্যে ৬০ শতাংশ ভোট পড়েছে। সেই হিসাবে প্রতি মিনিটে ১১টি ভোট প্রদান কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এটা ডিজিটাল পদ্ধতিতেও অসম্ভব।"
মওদুদ অভিযোগ করেন, ভোলার উপনির্বাচনে ৫৭টি কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করা হয়। এদের অনেককে আহতও করা হয়।
সংবাদ সম্মেলনে দলের সহসভাপতি আবদুল্লাহ আল নোমান ও ভোলার নির্বাচনে দলীয় প্রার্থীর সমন্বয়ক আমান উল্লাহ আমানও তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।
বিএনপির সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য শামসুজ্জামান দুদু, জহিরুল ইসলাম, সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, হারুনুর রশীদ, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা খায়রুল কবীর খোকন প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/কেএমএস/১৭০৫ ঘ.
bdnews24