ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার উপনির্বাচনে বিএনপি প্রার্থী হাফিজউদ্দিন আহমেদ তার অতীতের ভূমিকার জন্য হেরেছেন বলে মনে করছে আওয়ামী লীগ।
ক্ষমতাসীন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ দাবি করেছেন, উন্নয়নের জন্য লালমোহন-তজুমদ্দিন এলাকার বাসিন্দারা সরকারি দলের প্রার্থীকে ভোট দেওয়ায় ব্যবধান এত বেড়েছে।
হানিফ বলছেন, ভোলার উপনির্বাচনে ভোটারশূন্য কেন্দ্রের যে সব ছবি ছাপা হয়েছে, তা ভোট শুরুর আগে তোলা। আর ভোটারদের কেন্দ্রে যেতে কোনো ধরনের বাধা দেওয়া হয়নি।
উপনির্বাচনের একদিন পর রোববার এক সংবাদ সম্মেলনে হানিফ এ কথা বলেন।
ভোলা-৩ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন বিএনপির হাফিজউদ্দিনকে ৫০ হাজারের বেশি ভোট হারিয়েছেন, যদিও ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বাতিলের দাবি জানিয়েছে বিরোধী দল বিএনপি।
সাবেক সংসদ সদস্য হাফিজ ২০০৮ সালে অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মো. জসিমউদ্দিনের কাছে হেরেছিলেন ১৩ হাজার ভোটে। পরে জসিমউদ্দিনের প্রার্থিতা বাতিল হলে শনিবার সেখানে উপনির্বাচন হয়।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হানিফ রোববার বলেন, "২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বিএনপির অত্যাচার-নির্যাতনই আওয়ামী লীগের প্রার্থীকে জয়ী করেছে। মেজর হাফিজের অতীতের কৃতকর্মের জন্যই এ ফলাফল হয়েছে। আর এলাকার উন্নয়নের জন্যই স্বাভাবিকভাবে জনগণ ক্ষমতাশীন দলের প্রার্থীকে ভোট দিয়েছে।"
যে সব এলাকায় সরকারি দলের সংসদ সদস্য থাকে, সে সব এলাকায় উন্নয়ন কাজ বেশি হয়- এটা বাংলাদেশের দীর্ঘদিন ধরে দেখে আসা চিত্র। তবে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর বলেন, তার সরকার বিরোধী সংসদ সদস্যদের এলাকাকে বঞ্চিত রাখবে না।
ভোলার উপনির্বাচন নিয়ে রোববার একটি জাতীয় দৈনিকে শিরোনাম ছিলো- 'ভোটারদের পথে পথে বাধা'। পত্রিকাটি দুটি ছবি প্রকাশ করে যাতে দেখা যায়, সকালে কেন্দ্রে ভোটারের উপস্থিতি দেখা গেলেও দুপুরে তা শূন্য।
এ বিষয়ে হানিফ বলেন, "শূন্য ভোট কেন্দ্রের ছবি ভোট শুরুর আগের ছবি। আর পথে কোথাও ভোটারদের বাধা দেওয়া হয়নি।"
নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার জন্য বিএনপির প্রতি আহ্বান জানান তিনি।
বিএনপির আন্দোলনের হুমকির জবাবে হানিফ বলেন, "গণতন্ত্রকে ব্যর্থ করার যে কোনো প্রয়াস আমরা জনগণকে নিয়ে প্রতিহত করবো। তাদের রাজনৈতিক অপতৎরতা ও অসুস্থ রাজনীতি দেশবাসী প্রতিহত করবে।"
তিনি বলেন, "এ নির্বাচনের ফলাফল বিএনপির কাছে মুখ্য ছিলো না। তারা চেয়েছিলো ইস্যু সৃষ্টি করতে।
"এই মেজর হাফিজ এক-এগারোর পর দল ভাঙার চেষ্টা করেছিলো। পোলিং এজেন্ট দেওয়ার মতো লোক খুঁজে পাননি তিনি। দৈন্যদশা ছিলো বলেই তিনি নির্বাচন সাত দিন পিছিয়ে দিতে বলেছিলেন।"
২০০১ থেকে ২০০৬ পর্যন্ত ক্ষমতায় থাকার সময় বিএনপি আমলে সাধারণ মানুষের ওপর ব্যাপক অত্যাচার-নির্যাতন হয়েছে দাবি করে সে জন্য সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ক্ষমা চাওয়ার আহবান জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ।
ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী ও আবু সাইদ আল মাহমুদ স্বপন, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাশ, সংসদ সদস্য ইকবালুর রহিম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৫৫০ ঘ.
bdnews24