২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এক থাকলে ক্ষমতায় থাকবো ২০২১ সাল পর্যন্ত: এরশাদ

মহাজোট থাকলে ২০২১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা যাবে বলে মনে করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2010, 08:57 AM

Updated : 24 Aug 2022, 06:47 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাজোট থাকলে ২০২১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা যাবে বলে মনে করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ। তিনি শনিবার বলেছেন, "মহাজোট যদি একত্রিত থাকে তাহলে আমরা ২০২১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। এই সময়ের মধ্যে মহাজোট ছাড়া কেউই ক্ষমতায় আসতে পারবে না।" আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের অন্যতম অংশীদার জাতীয় পার্টি। সরকারে দলটির একজন মন্ত্রীও রয়েছেন। তবে আরো কিছু না পাওয়ার অসন্তোষ মাঝেমাাঝেই জাতীয় পার্টির নেতা-কর্মীদের কথায় প্রকাশিত হয়। বর্তমান সরকার 'ভিশন ২০২১' শিরোনামে তাদের যে পরিকল্পনা তুলে ধরেছে তার প্রশংসা করে এরশাদ বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন 'ভিশন-২০২১' হাতে নিয়েছেন, তখন আমি খুবই খুশি হয়েছি। কেননা একটি জাতির সামনে লক্ষ্য না থাকলে সে জাতি উন্নতি করতে পারে না।" এরশাদ রাজধানীর এলজিইডি ভবনে রংপুর বিভাগ উন্নয়ন পরিষদ আয়োজিত এক সেমিনারে বক্তব্য রাখেন। রংপুরকে বিভাগ ঘোষণা করায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, "আমরা অনেক দিন অবহেলায় থেকেছি। এখন সেই অবহেলা থেকে বেরিয়ে আসতে চাই। এ জন্য দল-মত নির্বিশেষে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।" 'সদ্য ঘোষিত রংপুর বিভাগ-এর আশু উন্নয়ন কৌশল' শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন রংপুর বিভাগ উন্নয়ন পরিষদের আহ্বায়ক মো. নজরুল ইসলাম। বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, সংসদ সদস্য টি আই এম ফজলে রাব্বি, টিপু মুন্সী, ইকবাল উর রহিম, অবসরপ্রাপ্ত কর্নেল সাকলাইন, নূর ই হাসনা লিলি চৌধুরী, জাফর ইকবাল সিদ্দিকী প্রমুখ। সেমিনারে মূল প্রবন্ধ পড়ে শোনান বিআইডিএস-এর মহাপরিচালক ড. মুস্তাফা কা. মুজেরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৪৫০ ঘ.