ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের বিক্ষিপ্ত ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে মঙ্গলবার বিএনপির ডাকা সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে।
মঙ্গলবার এই হরতাল চলাকালে রাজধানীর কয়েকটি স্থানে হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ছাড়া দেশের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
রাজধানীতে পুলিশ মোট ৪২ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ৩৮ জন, মহাখালীর আমতলীতে ২ জন এবং পুরান ঢাকার জনসন রোডে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
ভোরে রাজধানীর মালিবাগ, শান্তিনগর ও কাকরাইলে তিনটি মিনিবাস ও একটি ট্যাক্সিক্যাব ভাংচুরের মধ্য দিয়ে শুরু হয় বিএনপির হরতাল কর্মসূচি।
মঙ্গলবার ভোরের দিকে রাজধানীর নয়া পল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এসময় তাদের সঙ্গে পুলিশের ধাওয়া- ধাওয়ি হয়। পুলিশ এসময় ১৮ জনকে গ্রেপ্তার করেছে বলে জানান বিএনপির দপ্তর সম্পাদক রহুল কবির রিজভী। পরে সকাল ১০টা পর্যন্ত আরো ২০ জনকে গ্রেপ্তার করা হয়। দুপুর সোয়া ১২টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পুলিশ বিএনপির সাবেক সাংসদ হেলেন জেরিন খান ও বর্তমান সাংসদ নিলুফার চৌধুরীসহ তিনজনকে আটক করে।
সকালে রাজধানীর তিতুমীর কলেজের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা টায়ারে আগুন ধরিয়ে রাস্তা বন্ধ করে। সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া- ধাওয়ি হয়।
ছাত্রদলের নেতাকর্মীরা বেলা ১১টার দিকে জড়ো হয়ে তিতুমীর কলেজের সামনের রাস্তায় হরতালের সমর্থনে মিছিল বের করে। এসময় পুলিশ তাদের বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
মহাখালীর আমতলীতে বিএনপি নেতা হান্নান শাহের নেতৃত্বে একটি সমাবেশের চেষ্টা করা হলে পুলিশ বাধা দেয়। সেখান থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হান্নান শাহ অভিযোগ করে বলেন, "পুলিশ আমাকেও ধাক্কা দিয়েছে।"
রাজধানীর শাহবাগের শিশুপার্কের সামনে সকাল সাড়ে নয়টায় একটি ককটেল বিস্ফোরিত হয়।
মিরপুর এলাকায় যানবাহন চলাচল করছে। তবে তা অন্যান্য দিনের তুলনায় কম। পল্লবী থেকে নগর পরিবহনের বিভিন্ন রুটের বাস নিয়মমাফিক ছেড়ে গেছে। কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
দক্ষিণ যাত্রাবাড়ীর ধোলাইপাড় নতুন রাস্তায় স্থানীয় বিএনপি নেতা নবীউল্লাহর নেতৃত্বে হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়। পুলিশ বাধা দিলে মিছিলকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া- পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
কদমতলীর ধোলাইপাড় ঢালে স্থানীয় বিএনপি নেতা জুম্মন মেম্বারের নেতৃত্বে একদল নেতাকর্মী হরতালের সমর্থনে মিছিল বের করলে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
পুরান ঢাকার জনসন রোডে হরতালের সমর্থনে মিছিল করার সময় পুলিশ দুই আইনজীবীকে গ্রেপ্তার করেছে। পুলিশ জজ কোর্টের সামনে লাঠিপেটা করে মিছিলটিকে ছত্রভঙ্গ করে দেয়।
দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা, বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন, ট্রানজিট চুক্তি বাতিল, খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ, তার দুই ছেলেসহ নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারসহ ১২ দফা দাবিতে প্রধান বিরোধী দল বিএনপি মঙ্গলবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে।
মহাজোট সরকারের বিরুদ্ধে প্রধান বিরোধী দলের এটি তৃতীয় হরতাল কর্মসূচি। প্রথম হরতাল হয় ২৭ জুন। সর্বশেষ হরতালটি হয়েছে ১৮ দিন আগে ১৪ নভেম্বর। সেনানিবাসের বাড়ি থেকে খালেদা জিয়াকে উচ্ছেদের প্রতিবাদে ওই হরতাল হয়।
দলের যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীসহ ২০/৩০ জন নেতা-কর্মী সোমবার সন্ধ্যা ৭টা থেকে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করছেন।
হরতাল উপলক্ষে সকালে রাজধানীর বিভিন্ন সড়কে অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। সচিবালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের সমানে র্যাব সর্তকাবস্থায় রয়েছে। র্যাব ও পুলিশের গাড়ি টহল দিচ্ছে।
পুলিশ সকালে বিএনপির প্রধান কার্যালয় ঘিরে রাখে। পুলিশি তৎপরতার মুখে নেতাকর্মীরা কার্যালয়ের ভেতরে অবস্থান নিয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ, কাছাকাছি স্থানে জলকামান ও প্রিজন ভ্যান রাখা হয়েছে। কোন নেতাকর্মীকে দলীয় কার্যালয়ে যেতে দেওয়া হচ্ছে না বলে রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন।
সকাল ৭টার দিকে মৌচাক মোড়, ৮ টার দিকে শান্তিনগর ও কাকরাইলের কাছে পিকেটাররা তিনটি মিনিবাস ও একটি ট্যাক্সিকাবে ইটপাটকেল নিক্ষেপ করে ভাংচুর করে।
এছাড়া ফকিরেরপুল, পুরানা পল্টন, বিজয় নগর, কাকরাইল, তোপখানা রোড, মালিবাগ, মৌচাক, রামপুরা সড়ক, মগবাজার, বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর, মতিঝিল, হাটখোলা, তেজগাঁওসহ বিভিন্ন সড়কে অন্যান্যদিনের তুলনায় যন্ত্রচালিত যান চলাচল কম। তবে রিকশা চলাচল করছে।
অনেকেই পায়ে হেটে গন্তব্যে যাচ্ছেন। রাজধানীর বেশিরভাগ এলাকায় প্রধান সড়কের দুই পাশে দোকানপাট ও বিপনী বিতানগুলো বন্ধ রয়েছে।
রাজধানীর সদরঘাট থেকে যাত্রী বোঝাই ৬টি লঞ্চ ছেড়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সারাদেশে মানুষ শান্তিপূর্ণ ও স্বত:স্ফুুর্তভাবে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ আমরা পাইনি। তবে মিরপুর, পল্লবী, বাড্ডা, গুলশান প্রভৃতি স্থানে আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বাধা দিয়েছে বলে খবর পেয়েছি।"
দলের অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাজধানীর ৩০/৩২ টি স্পটে আমাদের কেন্দ্রীয় নেতারা অবস্থান নিয়ে মাঠে থাকবেন। তবে এ পর্যন্ত খবরে বিভিন্ন স্থানে পুলিশ আমাদের কর্মীদের জড়ো হতে দিচ্ছে না।"
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দ মাহবুবুর রহমান মাহফুজ বিডিনিউজ টোয়েন্টিফের ডটকমকে জানান, সকালে সদরঘাট থেকে ৬টি লঞ্চ গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে।
তিনি জানান, চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে গেছে লঞ্চ সোনারতরী-১ ও নিউ মেঘনা রাণী। ফরিদপুরের উদ্দেশ্যে ছেড়ে গেছে শরীয়তপুর-১ ও সুরেশ্বর-১। মুন্সিগঞ্জের দিকে ছেড়ে গেছে এমভি তানজিল এবং বরিশালের মুলাদির উদ্দেশ্যে ছেড়ে গেছে এমভি লামিয়া।
স্বর্ণদ্বীপ-৮ লঞ্চের মালিক ফয়েজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যাত্রী না হওয়ায় শরিয়া-১ নামের লঞ্চটি চর ভৈরবীর উদ্দেশ্যে ছেড়ে যায়নি। যে সব লঞ্চ ছেড়ে গেছে সেগুলোতে যাত্রী অন্যান্য দিনের চেয়ে কম ছিলো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/আরবি/পিবি/এসএম/এএইচ/কেএমএস/১২২৩ ঘ.
bdnews24