২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ নভেম্বরের কর্মসূচিতেও আলাদা খসরু-নোমান

৭ নভেম্বর 'বিপ্লব ও সংহতি দিবসের' কর্মসূচিও একসঙ্গে পালন করতে পারেনি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আব্দুল্লাহ আল নোমানের অনুসারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2010, 03:27 PM

Updated : 25 Aug 2022, 07:33 PM

চট্টগ্রাম, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৭ নভেম্বর 'বিপ্লব ও সংহতি দিবসের' কর্মসূচিও একসঙ্গে পালন করতে পারেনি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আব্দুল্লাহ আল নোমানের অনুসারীরা। চট্টগ্রাম মহানগর বিএনপি'র সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের অনুসারীরা রোববার নগরীতে আলাদাভাবে এ দিবসটি পালন করে। সকালে সাবেকমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম মনজুর আলম ও তাদের অনুসারী নেতাকর্মীরা রাঙ্গুনিয়ায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম কবরে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া বিকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারে সমাবেশও আয়োজন করে তারা। সাবেক মন্ত্রী ও চট্টগ্রামের প্রভাবশালী বিএনপিনেতা নোমানের অনুসারীরা জিয়ার কবরে ফুল দেন এবং নগরীর লালদীঘির মাঠে বিশাল সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এতে দলীয় চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন অংশ নেন। গত বছরের ১৬ নভেম্বর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশন মিলনায়তনে মহানগর বিএনপি'র কাউন্সিলে কমিটি গঠন নিয়ে আমীর খসরু ও নোমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এরপর থেকেই চট্টগ্রামের প্রভাবশালী দুনেতার মধ্যে বিরোধ চলে আসছে। সেসময় থেকেই এ দুনেতার অনুসারীরা পৃথকভাবে সব দলীয় কর্মসূচি পালন করে আসছে। মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বিপ্লব ও সংহতি দিবসে দলীয় কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমান সরকার দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন। দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষায় হাসিনা সরকারের অবসানের আন্দোলনে চট্টগ্রাম থেকেই সূচিত হবে। নগরীর উদল্যান্ড পার্ক কউিনিটি সেন্টারে মহানগর বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি দস্তগীর চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আবুল কাশেম চৌধুরী, শিক্ষক অধ্যাপক আনম মুনীর আহম্মদ চৌধুরী, মহানগর বিএনপি'র সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, সহ-সভাপতি আবু সুফিয়ান প্রমুখ। লালদীঘি ময়দানে আলাদা সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, দেশে গ্যাস-বিদ্যুৎ সঙ্কট চরমে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লাগামহীন। সরকারের উচিত মধ্যবর্তী নির্বাচন দেওয়া। তিনি সরকারের উদ্দেশ্য বলেন, "মধ্যবর্তী নির্বাচন সম্পর্কে আপত্তি থাকলে এ বিষয়ে গণভোট দিয়ে দেখুন। আমরা মানতে রাজি আছি।" সমাবেশে মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, বিএনপি আবারো ক্ষমতায় আসলে ৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা করা হবে। সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক যুগ্ম সম্পাদক এএম নাজিম উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আবুল কাশেম চৌধুরী, শিক্ষক অধ্যাপক আনম মুনীর আহম্মদ চৌধুরী, ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এনামূুল হক, বিএনপি নেতা এম এ সবুর, বন্দর শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার প্রমুখ। সমাবেশ শেষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বারী সিদ্দিকী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/পিডি/২১১৮ ঘ.