বরিশাল, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল নগরীতে ২ অগাস্ট মধ্যরাতে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য ১১ জন নেতা-কর্মীকে বহিষ্কার করেছে যুবলীগ।
সরকার সমর্থক যুব সংগঠনের কেন্দ্রীয় কমিটি তাদের বহিষ্কারের চিঠি বৃহস্পতিবার রাতে বরিশালে পাঠিয়েছে।
কেন্দ্রীয় যুবলীগের সহ-দপ্তর সম্পাদক ফজলুল হক আতিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, ২ অগাস্টের ঘটনায় সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১১ জনকে বহিষ্কার করা হয়েছে।
এর প্রতিক্রিয়া জানতে চাইলে জেলা যুবলীগের সভাপতি জাকির হোসেন বলেন, "কেন্দ্রীয় যুবলীগ যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। তারা ২ অগাস্টের ঘটনা তদন্ত করে সিদ্ধান্ত নিয়েছেন।"
বহিষ্কৃতরা হলেন- জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আবুয়াল হোসেন অরুণ, মহানগর যুবলীগ সদস্য জাকির আলম ডলার, আজিম সরোয়ার দিদার, এসএম শহীদুল্লাহ রেজভী, নিজামুল হক তপু, ফজলুর রহমান শরীফ, সাইফুল ইসলাম সায়েম, যুবলীগ নেতা মেজবাহ উদ্দীন দিপু (১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি), আসিফ ইকবাল শাওন, ১১ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা সিকদার হাবিব ও ২৩ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা এনামুল হক বাহার।
ঢাকায় বরিশাল মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল হকের ওপর হামলার প্রতিবাদে গত ২ অগাস্ট নগরীতে মটর সাইকেল মহড়া বের করে যুবলীগের একাংশ। তারা নথুল্লাবাদ বাস টার্মিনালে গাড়ি ভাংচুর এবং গুলিবর্ষণ করে। তারপর নগরীর কালুশাহ্ সড়কে সাবেক ছাত্রলীগ নেতা মোয়াজ্জেম হোসেন চুন্নুর বাসা লক্ষ করে গুলি চালায় তারা।
এরপর চুন্নুর বাসা সংলগ্ন 'শহীদ রহিম স্মৃতি সেবা সংঘ' ক্লাবে হামলা চালিয়ে আসবাবপত্র এবং বঙ্গবন্ধুর ছবি ভাংচুর করে যুবলীগের ওই নেতা-কর্মীরা।
ওই ঘটনায় কোতোয়ালি থানায় একটি এবং বিমানবন্দর থানায় একটি মামলা হয়। বহিষ্কৃতরা ওই দুটি মামলার আসামি।
ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি গ্রেপ্তার
দরপত্র জমা দিতে বাধা দেওয়া এবং ঠিকাদারকে মারধর করার অভিযোগে দ্রুত বিচার আইনের মামলার আসামি বরিশাল মহানগরের ২০ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগ সভাপতি জসিমউদ্দিনকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ।
জসিমসহ ছয় জনের বিরুদ্ধে এ মামলাটি করেছিলেন ঠিকাদার মো. ওবায়দুর রহমান সোহাগ।
কোতোয়ালি মডেল থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, বুধবার নগরীর ব্রজমোহন কলেজ এলাকায় মহিলা অধিদপ্তরে খাবার সরবরাহের দরপত্র জমা দিতে বাধা দেওয়ার অভিযোগে সোহাগ মামলাটি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৩৬ ঘ.
bdnews24