২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি-যুবলীগের সভা নিয়ে উত্তেজনা

গাজীপুরে জেলা বিএনপি ও যুবলীগ একই স্থানে রোববার বিকেলে সভা আহ্বান করেছে। এ নিয়ে উভয় সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2010, 04:46 AM

Updated : 25 Aug 2022, 07:28 PM

গাজীপুর, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে জেলা বিএনপি ও যুবলীগ একই স্থানে রোববার বিকেলে সভা আহ্বান করেছে। এ নিয়ে উভয় সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। শহরবাসী জানান, জেলা সদরে মুক্তমঞ্চে রোববার বিকেলে সভা অনুষ্ঠিত হবে-এই ঘোষণা দিয়ে শনিবার থেকে উভয় দলের মাইকিং হচ্ছে। জয়দেবপুর থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাতে পুলিশ প্রশাসন দু'দলের নেতাদের সাথে সমঝোতার জন্য চেষ্টা করে ব্যর্থ হয়। তবে রোববার সকাল ৯টা পর্যন্ত সভাস্থলে ১৪৪ ধারা জারি করা হয়নি। জেলা বিএনপি'র কার্যালয় সমন্বয়কারী ডা. মাজহারুল আলম জানান, নাটোরে উপজেলা চেয়ারম্যান হত্যা, কোকোর পারোল বাতিল, বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের প্রতিবাদে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে রোববার বিকেল ৩টায় মুক্তমঞ্চে প্রতিবাদ সভা করার জন্য গাজীপুর পৌরসভা থেকে অনুমতি নেয়া হয় ১৯অক্টোবর। তিনি অভিযোগ করে বলেন, "কিন্তু স্থানীয় আওয়ামী লীগ আমাদের সভা বানচালের উদ্দেশ্যে গাজীপুর পৌর যুবলীগের ব্যানারে যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে একই সময়ে একই স্থানে সভা ডেকে শহরে মাইকিং শুরু করে।" গাজীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া জানান, রোববার বিকেলে মুক্তমঞ্চে বিএনপি'র সভা আহ্বান করার সংবাদ তার জানা নেই। তবে তিনি যুবলীগের সভা ডাকার বিষয়টি অবগত আছেন। জয়দেবপুর থানার ওসি আ. রশিদ জানান, তিনি বিএনপি'র আবেদন করার কথা শুনেছেন। তবে যুবলীগের আবেদন তিনি পান নি। আলাদা স্থানে সভা করার জন্য উভয় দলের নেতাদের সাথে সমঝোতার চেষ্টা অব্যাহত রয়েছে। সমঝোতা না হলে যথাসময়ে কর্তৃপক্ষ পরবর্তী সিদ্ধান্ত নেবে। অর্থাৎ অনুষ্ঠানস্থলে ১৪৪ধারা জারি করা হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১০৩৯ ঘ.