২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোকোর পারোল স্থগিতে সরকারের আবেদন

আরাফাত রহমান কোকোর পারোলের মেয়াদ বাড়িয়ে দেওয়ার হাইকোর্টের রায় স্থগিতে সরকার আপিল বিভাগে আবেদন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2010, 09:35 AM

Updated : 25 Aug 2022, 07:06 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আরাফাত রহমান কোকোর পারোলের মেয়াদ বাড়িয়ে দেওয়ার হাইকোর্টের রায় স্থগিতে সরকার আপিল বিভাগে আবেদন করেছে। বুধবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হবে। আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন মঙ্গলবার সরকারের আবেদনে শুনানির এ দিন ধার্য করেন। সরকার পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। কোকোর পক্ষে আইনজীবী ছিলেন জয়নাল আবেদিন ও মাহবুবউদ্দিন খোকন। সোমবার কোকোর পারোলের মেয়াদ আরো ২০ দিন বাড়ায় হাইকোর্ট। পাশাপাশি এ সময়ের মধ্যে চিকিৎসার সব কাগজপত্র জমা দিয়ে কোকো কারামুক্তির আবেদন জানালে সরকার তা বিবেচনা করতে পারে এ অভিমত দিয়ে আদালত রিট আবেদনটি নিষ্পত্তি করে দিয়েছে। গত ২৬ অগাস্ট কোকোর পক্ষে হাইকোর্টে রিট আবেদন করা হলে আদালত তার মুক্তির মেয়াদ ৪০ দিন বাড়ায়। সেই সঙ্গে তার পারোল বাতিলের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, সরকারের কাছে তার কারণও জানতে চায়। সে সময় হাইকোর্টের এ আদেশ স্থগিতে সরকার একটি আবেদন জানায়। সোমবার কোকোর সাময়িক মুক্তির বিষয়ে হাইকোর্টের আদেশ নিষ্পত্তি করার আদেশ দেয় আপিল বিভাগ। খালেদা জিয়ার ছোট ছেলে কোকোকে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর গ্যাটকো দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়। এরপর ২০০৮ সালের মে মাসে তাকে সাময়িক মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়। তারপর থেকে নিয়মিত আবেদন করে এ মুক্তির মেয়াদ বাড়াচ্ছিলেন কোকো। তবে গত ১৯ অগাস্ট পারোল বাতিল করে তাকে ৩১ অগাস্টের মধ্যে দেশে ফিরে আসতে বলে সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৫৩০ ঘ.