ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানের চতুর্থ সংশোধনী ছিলো সামরিক শাসনের চেয়েও খারাপ। পঞ্চম সংশোধনী নিয়ে আপিল আবেদনের শুনানিতে বুধবার এ কথা বলেছেন মওদুদ আহমেদ।
এ আবেদনের শুনানিতে একদিন আগেই সর্বোচ্চ আদালত বলেছিলো, ভবিষ্যতে দেশে সামরিক শাসন যেন না আসতে পারে সে জন্য ব্যবস্থা নেওয়া দরকার।
পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিতে আপিল বিভাগে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এবং জামায়াতে ইসলামীর সমর্থক তিন আইনজীবীর আপিলের আবেদনের শুনানি হয়।
প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চে খোন্দকার দেলোয়ারের পক্ষে বুধবার চতুর্থ দিনের শুনানিতে বক্তব্য উপস্থাপন করেন মওদুদ।
মওদুদ বলেন, জিয়াউর রহমান জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্রক্ষমতায় গিয়েছিলেন এবং তার পর সংসদে পঞ্চম সংশোধনীর বৈধতা দেওয়া হয়।
১৯৭৫ সালে চতুর্থ সংশোধনীর মাধ্যমে বাকশাল গঠন করে অন্য রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়।
সামরিক সরকারকে বৈধতা দিয়ে ১৯৭৭ সালের ৭ নম্বর মার্শাল ল' রেগুলেশন (এমএলআর) চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিট আবেদনে হাইকোর্ট ২০০৫ সালের ২৯ আগস্ট পঞ্চম সংশোধনী অবৈধ বলে রায় দেয়।
সে দিনই রায় স্থগিতের আবেদন জানায় তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার।
তবে বর্তমান সরকার আপিলের আবেদন প্রত্যাহার করায় বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এবং জামায়াতে ইসলামীর সমর্থক তিন আইনজীবী আপিলের আবেদন করেন।
হাইকোর্টের ওই রায়ে ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সাল পর্যন্ত খন্দকার মোশতাক আহমেদ, আবু সাদাত মোহাম্মদ সায়েম এবং জিয়াউর রহমানের শাসনকে বেআইনি ঘোষণা করা হয়। তবে আদালত ওই সময়ে 'জনস্বার্থে করা' সরকারের বেশকিছু বেআইনি কাজকে মওকুফ করে দিয়েছিল।
১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৯১ সালের জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত সরকার পরিবর্তন সংবিধানসম্মতভাবে হয়নি বলে হাইকোর্টের ওই রায়ের অভিমতে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৩৪০ ঘ.
bdnews24