চট্টগ্রাম, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম-১০ আসনের আওয়ামী লীগ সাংসদ ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজের সভাপতি এম এ লতিফকে বাদ দিয়ে ওয়াটার ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন সেল (ডব্লিউটিসিসি) এর নতুন কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার বিকেলে সাংসদ ও ডব্লিউটিসিসি'র আহবায়ক লতিফের বাধা উপেক্ষা করে নৌ পরিবহন মন্ত্রী আফসারুল আমীন এবং সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর উপস্থিতিতে নতুন কমিটি ডব্লিউটিসিসি কার্যালয়ে ঢুকে দায়িত্বভার গ্রহণ করে।
এর আগে বেলা দেড়টার দিকে নগরীর আগ্রাবাদের তাহের চেম্বারের ৫ম তলায় অবস্থিত ডব্লিউটিসিসি কার্যালয়ে ঢোকাকে কেন্দ্র করে সাংসদ লতিফের সঙ্গে পুলিশের হাতাহাতি হয়। এতে তিনি সামান্য আহত হন। আহত অবস্থায় লতিফ এ সংস্থার কার্যালয়ের সামনে শুয়ে অবস্থান নিয়ে দলবলসহ প্রতিবাদ বিক্ষোভ করেন।
পরে বিকেল সোয়া চারটার দিকে ডব্লিউটিসিসির নবগঠিত পরিচালনা পর্ষদের দায়িত্বভার গ্রহণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রবেশ করেন নৌ পরিবহন মন্ত্রী ও সিটি মেয়র।
কড়া পুলিশ প্রহরায় কোন ধরনের বিশৃংখলা ছাড়াই বিকাল পৌনে ছয়টায় নতুন কমিটির দায়িত্বভার গ্রহণের উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়।
অনুষ্ঠান শেষের ১৫ মিনিট আগে মেয়রের অনুসারী যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা দীর্ঘ চার ঘন্টার বেশি মেঝেতে শুয়ে থাকা সাংসদ লতিফকে পাজাকোলা করে নিচে নামিয়ে তার গাড়িতে তুলে দেয়। তিনি বর্তমানে মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশের সঙ্গে সাংসদ লতিফের হাতাহাতির ঘটনার পরপর লতিফের অনুসারীরা বিক্ষোভ মিছিল নিয়ে জোর করে সংস্থার কার্যালয়ে ঢুকতে চাইলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে তাদের সঙ্গে মন্ত্রী ও মেয়রের অনুসারীদের সঙ্গে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। মন্ত্রী ও মেয়রের অনুসারীদের ধাওয়ায় তারা স্থান ত্যাগ করলে বিকেল সাড়ে চারটার দিকে নতুন কমিটির দায়িত্বভার গ্রহণের অনুষ্ঠান শুরু হয়।
ডব্লিউটিসিসি কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে লাইটার জাহাজ ও কার্গো মালিকরা ছাড়াও বিপুল সংখ্যক আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি আফসারুল আমিন ও বিশেষ অতিথি মেয়র মহিউদ্দিন সাংসদ লতিফের আহত হওয়ার ঘটনা ও শুয়ে থাকাকে 'নাটক' হিসাবে অভিহিত করেন।
গাজী বেলায়েত হোসেন চৌধুরীকে আহবায়ক করে গঠিত ১৬ সদস্যের নতুন আহবায়ক কমিটিকে ডব্লিউটিসিসি'র দায়িত্বভার অর্পণের ঘোষণা দেয়া হয়। এ কমিটি আগামী ছয় মাসের মধ্যে এ সংস্থার নতুন কমিটি গঠন করবে বলে জানানো হয়।
সভা শেষে নৌ পরিবহণ মন্ত্রী আফসারুল আমীন সাংবাদিকদের বলেন, নিজের দোষ ঢাকার জন্য সে (সাংসদ লতিফ) নাটক সাজিয়েছে। সারাদিনের ঘটনা ও পুলিশের সঙ্গে মারামারির বিষয়টি তদন্ত করে দেখা হবে।
সাংসদ লতিফকে আহবায়কের পদ থেকে সরানো প্রসঙ্গে তিনি বলেন, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী জাহাজ মালিকদের তথ্যের ভিত্তিতে নতুন কমিটি বৈধভাবে গঠন করা হয়েছে।
এর আগে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, 'স্বৈরাচারী কায়দায় ও অন্যায়ভাবে কাউকে কিছু করতে দেয়া হবে না। ডব্লিউটিসিসি'র আগের কমিটি নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। কতিপয় ব্যক্তি এ সংস্থাকে জিম্মি করে রেখেছিল। অফিস পরিচালনা, নির্বাচন, বিদেশ ভ্রমণসহ নানা অজুহাতে জাহাজ মালিকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে ।
নতুন কমিটি গঠনের কারণ এবং পরিস্থিতি ব্যাখ্যা করে মন্ত্রী আগের কমিটির আহবায়ক ও সাংসদ লতিফের প্রতি ইঙ্গিত করে বলেন, 'বারবার জাহাজ মালিকরা অভিযোগ করলেও এসব চাদাবাজি বন্ধ হয়নি। এসব জুলুম ও অনিয়মের বিরুদ্ধে জাহাজ মালিকরা অভিযোগ করলে তিনি দেশের ৮০০ জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে নিয়ম অনুযায়ী নতুন কমিটি গঠনের পক্ষে মত দেন।'
বিশেষ অতিথি মেয়র মহিউদ্দিন সাংসদ লতিফের সা
bdnews24