ঢাকা, জুন ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের বাজেট অধিবেশন আগামী ৭ জুন বিকেল ৪টা পর্যন্ত মুলতবি করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টা ৫ মিনিটে স্পিকার আব্দুল হামিদ অধিবেশন মুলতবি ঘোষণা করেন।
এর আগে বিকেল ৩টা ২৫ মিনিটে প্রধান বিরোধী দল বিএনপির অনুপস্থিতিতে অধিবেশন শুরু হয়। স্পিকার অধিবেশন কক্ষে প্রবেশের পর পবিত্র কোরআন তেলায়াতের মধ্য দিয়ে সংসদের দ্বিতীয় অধিবেশনের সূচনা হয়। স্পিকার আব্দুল হামিদ সাংসদদের স্বাগত জানান।
এরপর সুনামগঞ্জ-১ আসনের জাতীয় পার্টির সাংসদ বেগম মমতাজ ইকবালের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়।
মমতাজ ইকবাল গত ১৭ এপ্রিল মারা যান।
সংসদীয় রীতি অনুযায়ী কোনো সাংসদ মারা গেলে পরবর্তী অধিবেশনের উদ্বোধনী দিনে তার উপর শোক প্রস্তাব গ্রহণের মাধ্যমে সংসদ মুলতবি করা হয়। তবে নতুন বছরের প্রথম অধিবেশনের ক্ষেত্রে এ রীতি প্রযোজ্য নয়।
অধিবেশনের দিনের কর্মসূচিতে ছিল সভাপতিমন্ডলী মনোনয়ন ও শোক প্রস্তাব।
স্পিকার আব্দুল হামিদ এ অধিবেশনে সভাপতিত্ব করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মহাজোটের অধিকাংশ সাংসদ অধিবেশনে উপস্থিত ছিলেন।
সভাপতিমন্ডলী মনোনয়ন
চলতি অধিবেশনের জন্য স্পিকার ৫ সদস্যের সভাপতিমন্ডলী মনোনয়ন দিয়েছেন। তারা হলেন, আবদুল মতিন খসরু, এইচ এম আশিকুর রহমান, রুহুল আমিন হাওলাদার, কে এম হাফিজুর রহমান ও জিন্নাতুন্নেসা তালুকদার।
স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমন্ডলীর সদস্যরা ক্রমানুসারে সংসদ অধিবেশনে সভাপতিত্ব করবেন।
শোকপ্রস্তাব গ্রহণ
সাংসদ বেগম মমতাজ ইকবাল, ভারতের সাবেক রাষ্ট্রপতি আর ভেঙ্কটারমন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী এম এ ওয়াজেদ মিয়াসহ ১৬ জনের স্মরণে বৃহস্পতিবার সংসদে সর্বসম্মতভাবে শোক প্রস্তাব গৃহীত হয়। পরে সাংসদ মমতাজ ইকবালের সম্মানে সংসদের অধিবেশন ৭ জুন বিকাল ৪টা পর্যন্ত মুলতবি করেন স্পিকার।
বিকালে অধিবেশন শুরুর পর স্পিকার আবদুল হামিদ এই শোকপ্রস্তাব সংসদে উত্থাপন করেন। পরে শোকপ্রস্তাবের ওপর আওয়ামী লীগের শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেন গুপ্ত ও জাতীয় পার্টির রুহুল আমিন হাওলাদার বক্তব্য রাখেন। তারা প্রয়াত সাংসদ মমতাজ ইকবাল, এমএ ওয়াজেদ মিয়া ও ঘূর্ণিঝড় 'আয়লা'য় নিহতদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পরে এক মিনিট নীরবতা পালন করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সাংসদ বজলুল হক হারুন।
যাদের স্মরণে শোকপ্রস্তাব গৃহীত হয় তারা হলেন, ভারতের সাবেক রাষ্ট্রপতি আর ভেঙ্কটারমন, সাংসদ মমতাজ ইকবাল, সাবেক সাংসদ সুনীল গুপ্ত, মো. খোরশেদ আলম, সাবেক এমএনএ দেওয়ান আবুল আব্বাছ , সাবেক সাংসদ মো. মোখলেসুর রহমান, এম খলিলুর রহমান, খন্দকার নুরুল ইসলাম, মো. আলতাফ হোসেন, মো. আনোয়ার-উল-ইসলাম, দেওয়ান শাহজাহান ইয়ার চৌধুরী, এম এ ওয়াজেদ মিয়া, সাবেক অতিরিক্ত সচিব খন্দকার আবদুল হক মিয়া, রাজনীতিবিদ গোলাম রব্বানী, পিলখানা ঘটনায় নিহত কমপিউটার প্রকৌশলী নাজমুল হোসেন ও কলেজ ছাত্র খন্দকার তারেক আজিজ।
আগামী ১১ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০০৯-১০ অর্থ বছরের বাজেট সংসদে পেশ করবেন।
এর আগে দুপুর ১২টায় বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নাল আবদিন ফারুক সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্র্রিফিঙে বৃহস্পতিবার সংসদ অধিবেশনে যোগ না দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। আগামী সপ্তাহে সংসদীয় দলের সভায় সংসদে যোগ দেওয়া না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি।
জয়নাল আবদিন ফারুক প্রথম সারিতে 'সন্মানজনক' আসন দেওয়ার জন্য স্পিকারের প্রতি আবারও অনুরোধ জানান।
বুধবার সংসদের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম কার্য উপদেষ্টা কমিটির সভা হয় স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে। চলতি অধিবেশনটি আগামী ৯ জুলাই পর্যন্ত চলবে। প্রস্তাবিত বাজেটের ওপর সংসদে ৪০ ঘন্টা আলোচনার সিদ্ধান্ত হয়।
নবম সংসদের প্রথম অধিবেশন শুরু হয় গত ২৫ জানুয়ারি। ৭ এপ্রিল তা শেষ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেআরসি/এফএফ/এইচএ/১৯৫০ ঘ.
bdnews24