ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি তার প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২৮তম মৃত্যুবার্ষিকী পালন করবে শনিবার। এ উপলক্ষ্যে তিন দিনের কেন্দ্রীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
জিয়াউর রহমান ১৯৮১ সালের এ দিনে সেনাবাহিনীর একাংশের 'ব্যর্থ অভ্যুত্থান' প্রচেষ্টায় চট্টগ্রামের সার্কিট হাউসে নিহত হয়েছিলেন।
রাজধানীতে শুক্রবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হয়েছে কেন্দ্রীয় কর্মসূচি।
শনিবার সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, সকাল ১০টায় শেরে বাংলা নগরে জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ এবং বিভিন্ন ওয়ার্ডে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি রয়েছে। ৩১ মে আয়োজন করা হয়েছে জিয়ার কর্মময় জীবন নিয়ে একটি সেমিনার।
দলের দপ্তর সম্পাদক রিজভী আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিএনপি সারা দেশে যথাযোগ্য মর্যাদায় জিয়ার শাহাদাৎ বার্ষিকী পালন করবে। এজন্য জেলা-উপজেলা-ইউনিয়ন কমিটিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
রাজধানীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা সকাল ১০টায় জিয়ার কবরে পুস্পস্তবক অর্পণ করবেন। সকালে কবর প্রাঙ্গণে উলামা দলের মিলাদ ও দোয়া মাহফিলও অনুষ্ঠিত হবে।
মহানগর বিএনপির আয়োজনে শনিবার থেকে টানা তিনদিন ঢাকা সিটি করপোরেশনের সবগুলো থানায় দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করবেন খালেদা জিয়া।
মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালাম শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''আমাদের নেত্রী কাল থেকে তিন দিন বিভিন্ন ওয়ার্ডের প্রায় ১০০টি স্পটে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করবেন। জিয়ার কবর জিয়ারত শেষে তিনি মোহাম্মদপুর টাউন হল থেকে এই কর্মসূচি শুরু করবেন।''
১৯৭১ সালের ২৭ মার্চ মুক্তিযুদ্ধের উষালগ্নে তৎকালীন মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতা যুদ্ধ শুরুর ঘোষণা দিয়ে জাতিকে অনুপ্রাণিত করেন। তবে মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার জিয়া পরবর্তীকালে সেনাশাসন ও মুক্তিযুদ্ধ বিরোধীদের পুনর্বাসিত করার দায়ে ব্যাপকভাবে সমালোচিত।
১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল বিপথগামী সেনাসদস্যের হাতে তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পরপরই সেনাপ্রধানের দায়িত্ব নেন জিয়াউর রহান। ওই বছরের ৭ নভেম্বর 'সিপাহি জনতার বিপ্লবের' পর রাষ্ট্রপতি বিচারপতি এ এস এম সায়েমের নেতৃত্বে উপ-প্রধান সামরিক আইন প্রশাসক এবং '৭৭ সালের ২১ এপ্রিল প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে ক্ষমতা গ্রহণ করেন জিয়া। ১৯৭৮ সালের ২১ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৭৩৯ ঘ.
bdnews24